ঢাকায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে।
রোববার জাতীয় সংসদ সচিবালয় এ তথ্য জানায়।
সাক্ষাৎকালে স্পিকার বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের পরপরই ফ্রান্স বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে সম্পর্কের ভিত্তি শক্তিশালী করে। তিনি আরও উল্লেখ করেন, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে ফ্রান্স বাংলাদেশের অন্যতম শীর্ষ বাণিজ্যিক অংশীদার, এবং বর্তমানে এটি দ্বিতীয় বৃহত্তম অংশীদার হিসেবে রয়েছে।
স্পিকার তার বক্তব্যে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রসঙ্গ টেনে বলেন, দেশের জনগণ দীর্ঘদিন ধরে গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষায় ভূমিকা রেখে আসছে। তিনি অতীত রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কেও মন্তব্য করেন।
অন্যদিকে ফরাসি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে অনুষ্ঠিত সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে, যা দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতাকে এগিয়ে নিয়েছে বলে তিনি মনে করেন।
দুই পক্ষই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়নের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পাশাপাশি জনগণ-পর্যায়ের সম্পর্ক বৃদ্ধি, আন্তঃসংসদীয় সহযোগিতা জোরদার, নারীর রাজনৈতিক অংশগ্রহণ এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান নিয়েও মতবিনিময় হয়।
এ সময় স্পিকার জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর প্রার্থিতার বিষয়ে ফ্রান্স সরকারের সমর্থন প্রত্যাশা করেন।
রাষ্ট্রদূত স্পিকার হিসেবে হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বৈঠকে ফরাসি দূতাবাসের প্রতিনিধি দল এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এম জি