মেট্রোরেলে প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন নিয়ম অনুযায়ী, ৬৫ বছর বা তার বেশি বয়সী নাগরিক এবং প্রতিবন্ধী ব্যক্তিরা একক যাত্রার টিকিটে ২৫ শতাংশ ছাড় পাবেন।
এ বিষয়ে ইতোমধ্যে অর্থ বিভাগের অনুমোদন পাওয়া গেছে। শিগগিরই আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১৮০ দিনের কর্মপরিকল্পনা এবং সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রদত্ত ‘সুবর্ণ পরিচয়পত্র’ দেখিয়ে এই সুবিধা গ্রহণ করতে পারবেন। আর প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে বয়স নিশ্চিত করে ছাড় কার্যকর হবে।
এর আগে মেট্রোরেলে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা বিনামূল্যে ভ্রমণের সুযোগ পেতেন এবং প্রতিবন্ধী যাত্রীদের জন্য ১৫ শতাংশ ভাড়া ছাড় ছিল। নতুন সিদ্ধান্তে তা বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছে। একই সঙ্গে প্রথমবারের মতো প্রবীণ নাগরিকদেরও এই সুবিধার আওতায় আনা হচ্ছে।
যদিও সাধারণভাবে দেশে ৬০ বছর বয়সীদের জ্যেষ্ঠ নাগরিক ধরা হয়, তবে মেট্রোরেলের ক্ষেত্রে আপাতত ৬৫ বছর বয়স থেকে এই সুবিধা কার্যকর করা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, পরিচালন ব্যয়, রাজস্ব আয়ের ভারসাম্য এবং আগামী অর্থবছর থেকে বৈদেশিক ঋণ পরিশোধের বিষয় বিবেচনায় রেখেই এই বয়সসীমা নির্ধারণ করা হয়েছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর হিসাব অনুযায়ী, এই ছাড় কার্যকর হলে বছরে প্রায় ১২ কোটি টাকার রাজস্ব কমতে পারে, যা মোট টিকিট আয়ের প্রায় ৩ শতাংশ।
এদিকে শিক্ষার্থীদের জন্য ভাড়ায় ছাড় দেওয়ার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে মেট্রোরেলের আয় ও পরিচালনা পরিস্থিতি বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এএন