চলতি বছরের পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে সৌদি আরবে যাত্রা করা হজযাত্রীদের প্রায় সবাই এখন দেশটিতে পৌঁছে গেছেন। ধর্ম মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৭৯ হাজার ১৬৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে অবস্থান করছেন।
শনিবার প্রকাশিত হজ বুলেটিনে জানানো হয়, বাংলাদেশ থেকে মোট ২০১টি ফ্লাইটের মাধ্যমে এসব যাত্রী সৌদি আরবে গেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৯৮টি ফ্লাইট, সৌদি এয়ারলাইনস ৭৩টি এবং ফ্লাইনাস পরিচালনা করেছে ৩০টি ফ্লাইট।
তবে হজযাত্রার মধ্যেই দুঃসংবাদও এসেছে। এ পর্যন্ত সৌদি আরবে ২৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৭ জন পুরুষ এবং ৭ জন নারী। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ১৫ জন, আর মদিনায় মৃত্যুবরণ করেছেন ৯ জন।
সরকারি তথ্য অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন। তবে হজ কার্যক্রমে সংশ্লিষ্ট অন্যান্য সদস্য মিলিয়ে মোট যাত্রীর সংখ্যা ৭৯ হাজার ছাড়িয়েছে।
গত ১৮ এপ্রিল রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট কার্যক্রম উদ্বোধন করা হয়। ইতোমধ্যে সৌদি আরবগামী সব হজ ফ্লাইট শেষ হয়েছে।
আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজ শেষে আগামী ৩০ মে থেকে বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হবে এবং তা চলবে ৩০ জুন পর্যন্ত।
এএন