পশুর হাটে মাঝারি গরুর চাহিদা বেশি, বড় গরুতে দর্শনার্থীর ভিড়

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ২৪, ২০২৬, ০৫:২৪ পিএম

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর ঐতিহ্যবাহী গাবতলী পশুর হাটে ক্রেতা-দর্শনার্থীদের আনাগোনা বেড়েছে। তবে হাটের সার্বিক কেনাবেচা এখনও কিছুটা ধীরগতির। বাজারে এখন ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদাই সবচেয়ে বেশি। অন্যদিকে, বড় আকারের গরু ও মহিষের সামনে সাধারণ মানুষের ভিড় থাকলেও তা মূলত দেখার ও ছবি তোলার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।

ক্রেতাদের মূল আগ্রহ এখন ১ থেকে ৩ লাখ টাকা মূল্যের (২০০ থেকে ৩০০ কেজি ওজনের) গরুর দিকে। মিরপুর থেকে আসা ক্রেতা আনিসুল হক অনেক দরকষাকষির পর ১ লাখ ৫৮ হাজার টাকায় একটি মাঝারি গরু কিনেছেন। তিনি জানান, বিক্রেতারা এবার দাম কিছুটা বেশি চাচ্ছেন।

কুষ্টিয়া থেকে রেজাউল ইসলাম ২৫ মণ ওজনের একটি বড় গরু নিয়ে এসেছেন, যার দাম হাঁকা হয়েছে ১২ লাখ টাকা। তিনি জানান, দর্শনার্থীরা ভিড় করে দাম জিজ্ঞেস করলেও কেনার মতো প্রকৃত ক্রেতা খুব কম।

হাটে ফরহাদ নামে এক ব্যবসায়ীর আনা ১,৩০০ কেজি ওজনের একটি 'জাফরাবাদী' জাতের মহিষ সবার নজর কাড়ছে। ১৬ লাখ টাকা দামের এই বিশাল মহিষটি দেখতে এবং এর সঙ্গে ছবি তুলতে প্রচুর মানুষ ভিড় করছেন।

লক্ষ্মীপুর, সিরাজগঞ্জ ও কুষ্টিয়া থেকে আসা পাইকার শরিফুল ইসলাম, জালাল ব্যাপারী ও ইকবাল আলী জানান, হাটে পর্যাপ্ত গরু থাকলেও ক্রেতারা এখন বাজার যাচাই করছেন। আবাসন ও পশুর খাবারের খরচ বেড়ে যাওয়ায় তারা কিছুটা দুশ্চিন্তায় আছেন। তবে ব্যবসায়ীদের আশা, সরকারি ছুটি শুরু হলে এবং ঈদের সময় যত ঘনিয়ে আসবে, হাটে কেনাবেচার গতি ততটাই বৃদ্ধি পাবে।

এএন