দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ২৬, ২০২৬, ১০:৫৪ পিএম

আর মাত্র এক দিন পরই মুসলিম উম্মাহর অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এই আনন্দঘন উপলক্ষকে সামনে রেখে দেশবাসী ও বিশ্ববাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী তাঁর পোস্টে উল্লেখ করেন, ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে বছর ঘুরে আবারও বিশ্বমুসলিমের দুয়ারে হাজির হয়েছে পবিত্র ঈদুল আজহা। এই শুভক্ষণে তিনি দেশ ও বিশ্বের সব মুসলমানকে ঈদ মোবারক এবং বিশ্ববাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানান।

তিনি আরও লেখেন, ত্যাগের মহিমায় উজ্জীবিত বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমান ঈদুল আজহা উদযাপনের জন্য প্রস্তুত। ইসলামের মহিমান্বিত এই উৎসব শুধু একটি আনন্দ-উৎসবই নয়, বরং স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস, আত্মনিবেদন এবং ত্যাগের এক চিরন্তন বার্তা বহন করে। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হযরত ইব্রাহিম (আ.)-এর অটল ঈমান, নিঃশর্ত আনুগত্য এবং সর্বোচ্চ আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত এই দিবসকে বিশ্ব মুসলিম উম্মাহর কাছে মহিমান্বিত ও গভীর তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

পবিত্র ঈদুল আজহায় আল্লাহর দরবারে প্রার্থনা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মহান আল্লাহ যেন সবার ত্যাগ কবুল করেন। একই সঙ্গে মাতৃভূমিসহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানবজাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। তিনি বিশ্বজুড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্যও মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

ত্যাগের মহিমায় এই পবিত্র ঈদুল আজহা ভাস্বর হয়ে উঠুক এবং আল্লাহর অশেষ রহমত ও বরকতে সবার জীবন শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক পোস্টের শেষে এমন আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

জেএইচআর