পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠানোয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়। সেখানে তারেক রহমান বলেন, ঈদের আনন্দঘন মুহূর্তে তাকে এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানানোর জন্য তিনি ভারতের প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছেন। একইসঙ্গে পারস্পরিক শ্রদ্ধা, বন্ধুত্ব ও সৌহার্দ্যের ভিত্তিতে দুই দেশের জনগণের সম্পর্ক আরও দৃঢ় হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এর আগে সকালে ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক নেতৃত্বের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা পাঠান নরেন্দ্র মোদি। তিনি বাংলাদেশ ও ভারতের মধ্যকার সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশাও ব্যক্ত করেন।
ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন জানায়, মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছেও আলাদা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।
বার্তায় ভারতের প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়, যা শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, এই উৎসব ভারতের বহুমাত্রিক সাংস্কৃতিক ঐতিহ্যেরও একটি গুরুত্বপূর্ণ অংশ।
দ্বিপক্ষীয় সম্পর্ক প্রসঙ্গে নরেন্দ্র মোদি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং জনগণভিত্তিক সম্পর্ক রয়েছে। শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের ভিত্তিতে এ সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের জনগণের মধ্যে সহযোগিতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী। পাশাপাশি বাংলাদেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা জানান।
এএন