ঈদুল আজহার কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে রাজধানীর দুই সিটি করপোরেশন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, বৃহস্পতিবার (২৮ মে) রাত ২টার মধ্যেই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার সব কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিরপুর-১২ নম্বর সেকশনে অবস্থিত ডাম্পিং স্টেশন পরিদর্শনে গিয়ে তিনি এ তথ্য জানান। এ সময় তিনি বলেন, দুপুর ১২টা থেকে আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই রাজধানীকে পরিচ্ছন্ন করতে সিটি করপোরেশনের কর্মীরা কাজ করছেন।
প্রতিমন্ত্রী জানান, পরিচ্ছন্নতা কার্যক্রমে দুই সিটি করপোরেশনের প্রায় ১৬ হাজার কর্মকর্তা-কর্মচারী মাঠে দায়িত্ব পালন করছেন। এছাড়া বর্জ্য পরিবহনে ৭৫২টি যানবাহন ব্যবহার করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে রাজধানীর সড়ক ও অলিগলি পরিষ্কার করতেই এই সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খানও উপস্থিত ছিলেন। তিনি বলেন, সিটি করপোরেশনের কর্মীরা নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন। তবে দ্রুত বর্জ্য অপসারণে নগরবাসীকেও সহযোগিতা করতে হবে। তিনি নির্দিষ্ট স্থানে কোরবানি দেওয়া এবং নিয়ম মেনে বর্জ্য ফেলার আহ্বান জানান।
বিকেলের মধ্যেই রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির বর্জ্য অপসারণের কাজ জোরদার হতে দেখা গেছে। প্রধান সড়কের পাশাপাশি অলিগলিতেও পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে সিটি করপোরেশনের কর্মীরা।
এএন