দেশের তিনটি জেলা পরিষদে নতুন প্রশাসক মনোনীত করে প্রজ্ঞাপন জারি করেছে প্রশাসন। বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এক বিশেষ আদেশের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।
নতুন করে প্রশাসক বসানো এই তিনটি জেলা হলো সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা এবং সাতক্ষীরা।
মন্ত্রণালয়ের জারি করা ওই আদেশে উল্লেখ করা হয়, সিরাজগঞ্জ জেলা পরিষদের দায়িত্ব দেওয়া হয়েছে মো. সাইফুল ইসলামকে। একই সঙ্গে চুয়াডাঙ্গা জেলা পরিষদে মো. শরীফুজ্জামান এবং সাতক্ষীরা জেলা পরিষদে মো. হাবিবুল ইসলাম হাবিবকে নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, আগামীতে নতুন জেলা পরিষদ গঠিত হওয়ার পূর্ব পর্যন্ত অথবা সরকারের পরবর্তী কোনো নির্দেশনা না আসা পর্যন্ত মনোনীত এই ব্যক্তিরা সংশ্লিষ্ট পরিষদের সার্বিক দায়িত্ব সামলাবেন।
অন্তর্বর্তীকালীন এই প্রশাসকেরা প্রচলিত আইন মেনে জেলা পরিষদের চেয়ারম্যানের সমপরিমাণ ক্ষমতা ও কর্তব্য পালন করতে পারবেন। এর পাশাপাশি তাঁরা সরকারি নিয়ম অনুযায়ী নিয়মিত বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
এএন