পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ৭১টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ২৯ হাজার ৬৯৪ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৩ হাজার ৩২৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৬ হাজার ৩৬৬ জন।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ বুলেটিন অনুযায়ী, শুক্রবার (৫ জুন) পর্যন্ত সৌদি আরবে ৪৬ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩০ জন পুরুষ ও ১৬ জন নারী। মক্কায় মারা গেছেন ৩৫ জন এবং মদিনায় ১১ জন।
ফিরে আসা হাজিদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিবহন করেছে ৯ হাজার ৯৮১ জন, সৌদি এয়ারলাইনস ১১ হাজার ৩৩১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৭ হাজার ৭০০ জন। এছাড়া অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে দেশে ফিরেছেন আরও ৬৮২ জন।
এদিকে, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২৬২ জন হজযাত্রী। বর্তমানে ২৪ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। বাংলাদেশ হজ মিশনের চিকিৎসাকেন্দ্র থেকে এ পর্যন্ত ৫৬ হাজার ৩১২টি ব্যবস্থাপত্র এবং তথ্যপ্রযুক্তি সহায়তা কেন্দ্রের মাধ্যমে ২৫ হাজার ৭১০টি সেবা প্রদান করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, হজযাত্রীদের ফিরিয়ে আনার কার্যক্রম আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।
এম জি