জুনের শেষেই প্রধানমন্ত্রীর চীন সফর, জানালেন ডেপুটি স্পিকার

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০৯:১৬ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের পর দ্বিতীয় রাষ্ট্রীয় সফরের জন্য জুনের শেষ দিকে চীন সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। তিনি আশা প্রকাশ করেন, এ সফর বাংলাদেশ-চীনের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং দুই দেশের সমন্বিত কৌশলগত সহযোগিতা আরও শক্তিশালী হবে।

বৃহস্পতিবার চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে অনুষ্ঠিত সপ্তম চায়না-সাউথ এশিয়া কো-অপারেশন ফোরামে বক্তব্য দিতে গিয়ে তিনি এ তথ্য জানান।

বক্তব্যে কায়সার কামাল ১৯৭৭ ও ১৯৮০ সালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চীন সফরের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দৃঢ় ভিত্তি তার হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছিল।

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার ১৯৯১ ও ২০০২ সালের চীন সফর দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে।

আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে ডেপুটি স্পিকার বলেন, বৈশ্বিক জ্বালানি সংকট, জলবায়ু পরিবর্তন, উন্নয়নশীল দেশগুলোর ঋণের চাপ এবং বিশ্ব বাণিজ্যের অস্থিরতার মতো চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতার বিকল্প নেই।

তিনি ডিজিটাল ও অর্থনৈতিক উদ্যোগ, আন্তঃসীমান্ত অবকাঠামো, বাণিজ্য করিডর, ডিজিটাল হাইওয়ে, শিক্ষা, সংস্কৃতি, পর্যটন এবং তরুণদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে জনগণ ও অর্থনৈতিক সংযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সংসদীয় প্রতিনিধিদলের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, বিএনপির সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব এবং সংরক্ষিত আসনের স্বতন্ত্র সংসদ সদস্য জেসমিন সুলতানা জুঁই।

এম জি