রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রেফার করা রোগীদের দ্রুত ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে ঢাকার ছয়টি সরকারি হাসপাতালকে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শুক্রবার (১২ জুন) হাসপাতাল ও ক্লিনিক সমূহের পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনার কথা জানানো হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, গত ১১ জুন জারি করা স্মারক অনুযায়ী আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। এর ফলে হাসপাতালটি থেকে রেফার হওয়া রোগীদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের জন্য তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রেফার হওয়া রোগীদের নিম্নোক্ত সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা দেওয়া হবে-
১. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
২. স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল
৩. শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল
৪. মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল
৫. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
৬. বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোগীদের চিকিৎসা সেবায় যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
এম জি