সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ০১:২৯ এএম

ভারত ও মিয়ানমার সীমান্তের স্পর্শকাতর স্থানে কাঁটাতারের বেড়া স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (১৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের নবম দিনে প্রশ্নোত্তর পর্বে লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত পরিস্থিতি ও অপরাধ দমনে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

তিনি বলেন, সীমান্ত এলাকায় বসবাসকারীদের চোরাচালান ও অপরাধের কুফল সম্পর্কে সচেতন করতে নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে অপরাধীদের তথ্য দিয়ে বিজিবিকে সহায়তা করার উদ্যোগও অব্যাহত রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদার, সীমান্ত হত্যা, অনুপ্রবেশ, মাদক, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালানসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনের লক্ষ্যে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ভারত সীমান্তের স্পর্শকাতর এলাকাতেও কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, দেশের সীমান্ত এলাকা থেকে সব ধরনের অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সমন্বিতভাবে কাজ করছে। সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী মাদক, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ প্রবেশ বন্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। গোয়েন্দা নজরদারি বাড়িয়ে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে।

সীমান্ত নিরাপত্তা জোরদারে দুর্গম ও স্পর্শকাতর এলাকায় নতুন বিওপি ও টিওবি স্থাপন করা হয়েছে এবং আরও স্থাপনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। এতে টহল কার্যক্রম আরও জোরদার হয়েছে এবং বিওপিগুলোর মধ্যবর্তী দূরত্ব কমানো সম্ভব হয়েছে।

এছাড়া দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিম সীমান্তে ‘স্মার্ট বর্ডার সার্ভেইল্যান্স সিস্টেম’ চালু করা হয়েছে। পার্বত্য সীমান্তে সীমান্ত সড়ক নির্মাণের কাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে, যা সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এম জি