ডিএমপি

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তার কোনো শঙ্কা নেই

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ০১:৫৫ পিএম

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কোনো ধরনের বড় শঙ্কার তথ্য নেই, তবে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী পুরোপুরি সতর্ক থাকবে।

শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এস এন নজরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

সকালে রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে যাতে সংগঠনটি কোনো সভা, সমাবেশ ও মিছিল করতে না পারে সে জন্য সতর্ক অবস্থানে পুলিশ। চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। পোশাকের পাশাপাশি সাদা পোশাকেও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।”

বর্তমানে দেশে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলোর সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।

ডিএমপির এই উচ্চপদস্থ কর্মকর্তা স্পষ্ট করে বলেন, “আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না।”

নগরবাসীর নিরাপত্তা ও শান্তি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে অতীতের মতোই প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট কার্যক্রম চলমান রয়েছে এবং তা অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, সন্ত্রাসী, মাদক কারবারি ও চাঁদাবাজদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

যেকোনো অপরাধীকে গ্রেপ্তারের পর প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করে দ্রুত তাদের আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

এএন