রোহিঙ্গাদের জন্য জমি চায় জাতিসংঘ, বাংলাদেশের নাকচ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০৪:৪৭ পিএম

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত জমি বরাদ্দের অনুরোধ জানিয়েছে জাতিসংঘ। তবে এ প্রস্তাবে সম্মতি দেয়নি বাংলাদেশ সরকার।

শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

মিয়ানমারবিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের ব্রিফিংয়ে বক্তব্য দিতে গিয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে এবং এর স্থায়ী সমাধানও সেখানেই খুঁজে বের করতে হবে।

তিনি উল্লেখ করেন, মানবিক বিবেচনায় বাংলাদেশ প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। তবে এত বিপুলসংখ্যক শরণার্থীর দীর্ঘমেয়াদি অবস্থান স্থানীয় জনগোষ্ঠী, পরিবেশ ও দেশের সম্পদের ওপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করেছে। ফলে সংকটের দ্রুত ও টেকসই সমাধান এখন অত্যন্ত জরুরি।

রাষ্ট্রদূত আরও বলেন, সংকটের শান্তিপূর্ণ সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায় এবং আঞ্চলিক গুরুত্বপূর্ণ অংশীজনদের কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, ২০১৭ সালের আগেই প্রায় চার লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। পরে ২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনে সেনা অভিযান শুরুর পর নতুন করে কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। বর্তমানে দেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা অবস্থান করছে।

এম জি