বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ২১, ২০২৬, ০২:৫৭ পিএম

মালয়েশিয়া ও চীন সফরের উদ্দেশ্যে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

সোমবার দুপুর ২টার পর তিনি গুলশানের নিজ বাসভবন ত্যাগ করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটিই প্রথম বিদেশ সফর। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ছয় দিনের সফরে তিনি ২১ ও ২২ জুন মালয়েশিয়া এবং ২৩ থেকে ২৬ জুন চীন সফর করবেন। সফর শেষে আগামী ২৬ জুন তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

সংশ্লিষ্টরা এই সফরকে ঢাকা, কুয়ালালামপুর ও বেইজিংয়ের মধ্যকার অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, মালয়েশিয়া সফরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে শ্রমবাজার, বাংলাদেশি কর্মী নিয়োগ, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা এবং রোহিঙ্গা ইস্যু গুরুত্ব পাবে।

অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় দলিল সই হতে পারে। এর মধ্যে প্রায় ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ), দুটি চুক্তি, একটি অ্যাকশন প্ল্যান এবং একটি প্রটোকল রয়েছে।

জেএইচআর