বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত ও আরও বিস্তৃতভাবে উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২২ জুন) সকালে পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে বাংলাদেশি কর্মী নিয়োগ বৃদ্ধি, দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করা এবং নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও ন্যায্য করার বিষয়ে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ এবং আটক বাংলাদেশিদের সম্ভাব্য প্রত্যাবাসনের বিষয়ও আলোচনায় এসেছে।
তিনি বলেন, “আমরা একমত হয়েছি যে শ্রমিক নিয়োগ প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী, যাতে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা কমে এবং শ্রমিকদের ব্যয় হ্রাস পায়।”
দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠক শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। প্রথমে আনোয়ার ইব্রাহিম অতিথিকে শুভেচ্ছা জানান, এরপর তারেক রহমান দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন।
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে মালয়েশিয়ার প্রতিনিধি দলে ছিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও মানবসম্পদমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর প্রথম শুভেচ্ছা বার্তাগুলোর একটি তিনি আনোয়ার ইব্রাহিমের কাছ থেকে পেয়েছিলেন। তিনি বলেন, পিতার রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯৭৯ সালের মালয়েশিয়া সফর এবং মায়ের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ১৯৯৩ সালের সফর দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করেছে।
তিনি বলেন, মালয়েশিয়া বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত অংশীদার এবং এই সম্পর্ক পারস্পরিক আস্থা ও জনগণের মধ্যে ঘনিষ্ঠতার ভিত্তিতে গড়ে উঠেছে।
তারেক রহমান জানান, বৈঠকে তথ্যপ্রযুক্তি, সেমিকন্ডাক্টর, শ্রমবাজার, বাণিজ্য, জ্বালানি, অবকাঠামো, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, ডিজিটাল অর্থনীতি এবং অন্যান্য খাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে বৈশ্বিক জনমত গঠনে মালয়েশিয়ার সহযোগিতা চাওয়া হয়েছে। একই সঙ্গে আসিয়ান ও আরসিইপি প্ল্যাটফর্মে বাংলাদেশের অংশগ্রহণে সমর্থন প্রত্যাশা করা হয়েছে।
যৌথ সংবাদ সম্মেলনের পর দুই দেশের মধ্যে সংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারকসহ তিনটি দ্বিপাক্ষিক দলিল স্বাক্ষর ও বিনিময় করা হয়।
এম জি