রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০৯:৩৪ পিএম

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার রাত ৯টা ২৯ মিনিট ২০ সেকেন্ড নাগাদ এই কম্পন অনুভূত হয়। হঠাৎ এই কম্পনে বহুতল ভবনের বাসিন্দাদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে প্রাথমিকভাবে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.০। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে।

এদিকে আন্তর্জাতিক ভূমিকম্প তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ‘ভলকানো ডিসকভারি’ জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪। এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ১৬ কিলোমিটার (১০ মাইল) গভীরে।

এর আগে গত ১২ জুন সিলেট ও ময়মনসিংহসহ দেশের কিছু এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে সেই ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৫ মাত্রা।

জেএইচআর