সাদা কাগজে সই কিংবা টিপসই দিতে সৌদি প্রবাসীদের সতর্ক করল দূতাবাস

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ১২:০৯ এএম

সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের যেকোনো সাদা কাগজে স্বাক্ষর বা টিপসই দেওয়া থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে সতর্ক করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

বুধবার দূতাবাসের কাউন্সেলর মো. মেহবুব জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সৌদি আরবে কর্মরত বা বসবাসরত কোনো প্রবাসী বাংলাদেশি যেন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুরোধ কিংবা নির্দেশনায় কোনো ফাঁকা বা সাদা কাগজে স্বাক্ষর অথবা টিপসই না দেন। এমন অসতর্ক আচরণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

দূতাবাস জানায়, এই ধরনের অসতর্কতার সুযোগ নিয়ে অসাধু ব্যক্তি বা চক্র বিভিন্ন আর্থিক জালিয়াতি, জাল দলিল প্রস্তুত, অবৈধ আর্থিক লেনদেনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ঘটাতে পারে। এর ফলে সংশ্লিষ্ট প্রবাসী অনাকাঙ্ক্ষিতভাবে ফৌজদারি মামলা, বড় ধরনের আর্থিক ক্ষতি, জেল-জরিমানা বা অন্যান্য কঠিন আইনি শাস্তির মুখোমুখি হতে পারেন।

এমন পরিস্থিতিতে যেকোনো লিখিত কাগজপত্র বা নথিতে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়ার আগে, তার বিষয়বস্তু পুরোপুরি পড়ে, বুঝে ও যাচাই করে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য সব প্রবাসী বাংলাদেশির অনুরোধ জানিয়েছে দূতাবাস।

জেএইচআর