মির্জা ফখরুল

বিরোধী এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৪:০৬ পিএম

প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে সিটি করপোরেশন এলাকা বাদ দিয়ে বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় মসজিদ, গোরস্তান ও ঈদগাহ উন্নয়নের জন্য প্রায় ২০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায়-সিটি করপোরেশন এলাকা বাদ দিয়ে-প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই অর্থ মসজিদ, গোরস্তান ও ঈদগাহের উন্নয়ন কাজে ব্যয় করা হবে।

বিবৃতির পর ঢাকা-১২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম খান বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেননি। পরে স্থানীয় সরকারমন্ত্রীকে আবারও বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, পরবর্তী সময়ে জেলা পরিষদের মাধ্যমে সিটি করপোরেশন এলাকার অন্তর্ভুক্ত বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকাতেও একই ধরনের বরাদ্দ দেওয়া হবে।

এদিকে, এ ঘোষণার পর নিজের দীর্ঘ সংসদীয় অভিজ্ঞতার কথা তুলে ধরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, চার দশকের সংসদীয় জীবনে বিরোধী দলের সদস্য হিসেবেও তিনি কখনো কোনো ধরনের বরাদ্দ পাননি।

তিনি বলেন, ৪০ বছর আমিও এই সংসদে কাটিয়েছি। বিরোধী দলেরও সদস্য ছিলাম। একটি কানাকড়িও কোনো দিন পাইনি। পাঁচবার গ্রেপ্তার হয়ে জেলে গিয়েছি। এইটুকুই শুধু পেয়েছি। প্রাপ্তিযোগে অন্য কিছু হয়নি।

এম জি