গ্যাস বিল আদায়ের নামে প্রতারণার ঘটনায় গ্রাহকদের সতর্ক থাকতে জরুরি বার্তা দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। সম্প্রতি প্রকাশিত এক সতর্কবার্তায় প্রতিষ্ঠানটি জানিয়েছে, একটি প্রতারক চক্র তিতাসের কর্মকর্তা পরিচয়ে গ্রাহকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।
তিতাসের তথ্য অনুযায়ী, প্রতারকরা মুঠোফোনে কল করে নিজেদের তিতাস গ্যাসের কর্মকর্তা হিসেবে পরিচয় দিচ্ছে। এরপর বকেয়া গ্যাস বিলের কথা বলে গ্রাহকদের ভয়ভীতি দেখিয়ে ব্যক্তিগত বিকাশ নম্বরে টাকা পাঠাতে চাপ সৃষ্টি করছে।
এ ধরনের প্রতারণা থেকে দূরে থাকতে গ্রাহকদের প্রতি বিশেষ সতর্কতা জারি করেছে প্রতিষ্ঠানটি। তিতাস গ্যাস জানিয়েছে, গ্যাস বিল শুধুমাত্র কোম্পানির নির্ধারিত ব্যাংকের মাধ্যমে অথবা অনুমোদিত ‘মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস’ অ্যাপ-বিকাশ, রকেট, উপায় ও ট্যাপ ব্যবহার করে পরিশোধ করতে হবে। কোনো অবস্থাতেই ব্যক্তিগত বিকাশ নম্বরে গ্যাস বিলের অর্থ পাঠানো যাবে না।
সতর্কবার্তায় আরও বলা হয়েছে, সন্দেহজনক কোনো ফোনকল বা অর্থ পরিশোধের অনুরোধ পেলে গ্রাহকদের সচেতন থাকতে হবে। প্রয়োজনে তিতাস গ্যাসের সংশ্লিষ্ট অফিসে সরাসরি যোগাযোগ অথবা তিতাস গ্যাসের ওয়েবসাইটে (https://titasgas.gov.bd) দেওয়া যোগাযোগ নম্বরে কথা বলে প্রয়োজনীয় পরামর্শ ও সেবা গ্রহণের আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এম জি