ইউএন-কপস সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৯:১৫ এএম

জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিতব্য পঞ্চম ‘ইউএন-কপস’ (ইউএন চিফস অব পুলিশ সামিট) সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি।

সরকারি সফরের অংশ হিসেবে রোববার রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। আগামী ১২ জুলাই দেশে ফেরার সূচি নির্ধারিত রয়েছে।

আগামী ৮ জুলাই জাতিসংঘের সাধারণ পরিষদ হলে অনুষ্ঠিত উদ্বোধনী অধিবেশনসহ সম্মেলনের বিভিন্ন প্লেনারি সেশনে অংশ নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবারের সম্মেলনে জাতিসংঘ পুলিশের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, পুলিশিংয়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আন্তঃদেশীয় নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।

সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রমের পাশাপাশি আয়োজিত উচ্চপর্যায়ের নৈশভোজেও অংশগ্রহণ করবেন তিনি।

সফরকালে জাতিসংঘের অপারেশনাল সাপোর্টবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে, পিস অপারেশনসবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জঁ-পিয়েরে লাক্রোয়া এবং পলিটিক্যাল ও পিসবিল্ডিং অ্যাফেয়ার্সবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি এ. ডিকার্লোর সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এছাড়া বিভিন্ন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও উচ্চপদস্থ প্রতিনিধিদের সঙ্গেও বৈঠকের পরিকল্পনা রয়েছে। এসব আলোচনায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা, বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি, বিশেষায়িত ইউনিট মোতায়েন এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক গুরুত্ব পাবে।

উল্লেখ্য, আগামী ৭ ও ৮ জুলাই অনুষ্ঠিতব্য দুই দিনব্যাপী ‘ইউএন-কপস’ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ ও নিরাপত্তা খাতের শীর্ষ কর্মকর্তারা অংশ নেবেন।

এএন