শহীদ দিবস উপলক্ষে ১৬ জুলাই কি সরকারি ছুটি?

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৯:১৫ পিএম
ফাইল ছবি

আগামী ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে সরকারি ছুটি থাকবে কি না- এ প্রশ্ন এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। তবে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এদিন কোনো সরকারি ছুটি থাকছে না।

সরকার এর আগে ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। গত বছরের ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এক পরিপত্রে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। পরবর্তীতে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনসংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের ২১ অক্টোবরের পরিপত্রে দিবসটিকে ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত জানানো হয়।

রোববার (৫ জুলাই) মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনও জানিয়েছেন, আগামী ১৬ জুলাই যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালন করা হবে। পাশাপাশি আগামী ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপনেরও উদ্যোগ নেওয়া হয়েছে। দিবস দুটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে মন্ত্রণালয়।

সরকারি তথ্য অনুযায়ী, ‘জুলাই শহীদ দিবস’কে ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এ ধরনের দিবস সরকারিভাবে পালন করা হলেও এর জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয় না। ফলে ১৬ জুলাই সরকারি অফিস-আদালত ও অন্যান্য স্বাভাবিক কার্যক্রম যথারীতি চলবে।

মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে উল্লেখ করা হয়েছে, জাতীয় ও আন্তর্জাতিক দিবসগুলোর মধ্যে ‘খ’ শ্রেণিভুক্ত দিবসগুলো সরকারিভাবে উদযাপন করা হয়। তবে ‘ক’ শ্রেণির দিবসগুলোর তুলনায় এসব দিবসের আনুষ্ঠানিকতা ও কর্মসূচির পরিধি অপেক্ষাকৃত সীমিত থাকে। সে কারণে ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ পালিত হলেও দিনটি সরকারি ছুটির অন্তর্ভুক্ত নয়।

এএন