দেশের নগরাঞ্চলে প্রাথমিক স্বাস্থ্যসেবার আওতা আরও বিস্তৃত করতে ১৯২টি নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে সেবা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। রাজধানীর একটি হোটেলে বৃহস্পতিবার ‘নগর এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ’ শীর্ষক আলোচনা সভায় এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, নগরবাসীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ সময় অপেক্ষা না করে সহজেই প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হবে এবং তাদের দোরগোড়ায় প্রয়োজনীয় চিকিৎসা পৌঁছে দেওয়া সম্ভব হবে।
তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ধাপে ধাপে কিডনি ডায়ালাইসিস সেবা চালু করা হচ্ছে। পাশাপাশি ৫০ শয্যার হাসপাতাল এবং জেলা হাসপাতালগুলোতেও ডায়ালাইসিস সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, দেশের কোনো গ্রাম যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না থাকে, সে লক্ষ্য সামনে রেখে নতুন অবকাঠামো নির্মাণ, হাসপাতালের ভবন সম্প্রসারণ এবং বিভিন্ন স্বাস্থ্যসেবা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। চিকিৎসাসেবার অভাবে যেন কোনো মানুষের প্রাণহানি না ঘটে, সেই লক্ষ্যেই সরকার স্বাস্থ্যসেবার পরিধি ধারাবাহিকভাবে বাড়িয়ে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
এএন