বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব রাষ্ট্রদূতের

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০২:১১ পিএম

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহমি। এ সময় তিনি দুই দেশের গণমাধ্যম সহযোগিতা বাড়াতে ‘বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম’ গঠনের প্রস্তাব দেন।

বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রীর নিজ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তথ্যমন্ত্রী বর্তমান সরকারের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে পরিকল্পনা ও গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে মিশরের রাষ্ট্রদূতকে অবহিত করেন। তিনি ডিজিটাল যুগে ভুল তথ্য ও অপতথ্য মোকাবিলায় বাংলাদেশ ও মিশরের যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

একই সঙ্গে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন মন্ত্রী। তিনি দুই দেশের মধ্যে গণমাধ্যম খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন।

মিশরের রাষ্ট্রদূত বাংলাদেশ ও মিশরের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে তা আরও শক্তিশালী করতে বর্তমান সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

তিনি দুই দেশের জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে বলেন, পারস্পরিক সম্পর্ক উন্নয়নে জনসম্পৃক্ততা আরও বাড়ানো প্রয়োজন।

সাক্ষাৎকালে ওমর মহি এলদিন আহমেদ ফাহমি দুই দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রস্তাব দেন। পাশাপাশি ‘বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম’ গঠনের বিষয়েও আগ্রহ প্রকাশ করেন।

এম জি