গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামসুল ইসলাম (অবসরপ্রাপ্ত) বাংলাদেশ অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (বিএএইউবি) -এর ঢাকা ক্যাম্পাস পরিদর্শন করেছেন।
বুধবার এই পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমান এবং ঢাকা ক্যাম্পাসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অ্যাভিয়েশন এবং অ্যারোস্পেস বিষয়ে প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য অর্জনসমূহ এবং চলমান গবেষণা কার্যক্রমের বিষয়ে সম্মানিত উপদেষ্টাকে অবহিত করা হয়। এরপর তিনি ঢাকা ক্যাম্পাসে স্থাপিত বিভিন্ন বিশেষায়িত ল্যাবসমূহ এবং শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধাদি পর্যবেক্ষণ করেন।
বিশ্ববিদ্যালয়ের সার্বিক সক্ষমতা ও কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে উপদেষ্টা মহোদয় দেশগঠনের লক্ষ্যে অ্যাভিয়েশন এবং অ্যারোস্পেস খাতে কর্মরত দেশীয় অন্যান্য প্রতিষ্ঠানসমূহের সাথে একাত্ম হয়ে সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনা করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
জেএইচআর