ঢাকাসহ ১৬ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ১০:৪২ এএম

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের ১৬টি অঞ্চলে দমকা হাওয়া, বজ্রবৃষ্টি ও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের আট বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা এবং চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে সংস্থাটি।

শনিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র শুক্রবার (১০ জুলাই) প্রকাশিত ভারী বৃষ্টিপাতসংক্রান্ত সতর্কবার্তায় জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে শুক্রবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী, এমনকি কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টিপাতের পরিমাণ ৪৪ থেকে ৮৮ মিলিমিটার এবং অতি ভারী বৃষ্টিপাত ৮৮ মিলিমিটারের বেশি হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, টানা ভারী বর্ষণের ফলে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের কিছু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের ঝুঁকিও বেড়ে যেতে পারে। তাই এসব এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও এর পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করা সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে মধ্য উত্তরপ্রদেশ ও সংলগ্ন এলাকায় সাধারণ লঘুচাপে পরিণত হয়েছে এবং এটি আরও দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে উত্তর বঙ্গোপসাগর ও তার আশপাশের এলাকায় বায়ুচাপের পার্থক্য বেশি থাকায় সাগর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

এএন