স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

নিয়ম না মানার সংস্কৃতিই অপরিকল্পিত নগরায়ণের বড় কারণ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০২:০৮ পিএম

অপরিকল্পিত নগরায়ণের পেছনে সাধারণ মানুষের নিয়ম না মানার প্রবণতাকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, কোনো মেগাপ্রকল্পের ব্যয় নির্ধারণ রাজনৈতিক সিদ্ধান্তে নয়, বরং প্রকৌশলীদের পরিকল্পনা ও কারিগরি বিশ্লেষণের ভিত্তিতেই করা হয়।

শনিবার সকালে রাজধানীতে ‘প্রকল্প ব্যবস্থাপনার সফলতা ও ব্যর্থতা’ বিষয়ক এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় পরিকল্পনা ও নির্ধারিত নীতিমালা অনুসরণ না করেই সড়ক, অবকাঠামো ও আবাসন গড়ে উঠেছে। এর ফলে নগর পরিকল্পনা বাস্তবায়নে নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। বিশেষ করে ডিটেইল্ড প্ল্যান অনুসরণ না করে স্থাপনা নির্মাণের কারণে শহরের স্বাভাবিক ব্যবস্থাপনায় চাপ বাড়ছে।

তিনি বলেন, দেশের বাড়তে থাকা জনসংখ্যা ও নাগরিক চাহিদা পূরণে সরকার এখন সীমিত পরিসরের পরিবর্তে দীর্ঘমেয়াদি ও সমন্বিত নগর পরিকল্পনার ওপর গুরুত্ব দিচ্ছে। ভবিষ্যতের প্রয়োজন বিবেচনায় নিয়ে পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে কাজ করা হচ্ছে।

মীর শাহে আলম এ সময় নাগরিকদের নির্ধারিত বিধিমালা মেনে ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনা নির্মাণের আহ্বান জানান। তিনি বলেন, পরিকল্পিত নগর গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতাও জরুরি।

এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। তিনি প্রকৌশলীদের বসতবাড়ির নকশা তৈরির সময় সৌরবিদ্যুৎ ব্যবস্থার বিষয়টি অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন। তাঁর মতে, টেকসই উন্নয়নের জন্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার আরও বাড়াতে হবে।

এএন