রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ রোববার দুপুরের আগেই দমকা থেকে ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত সর্বশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সময়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে।
সতর্কবার্তায় যেসব অঞ্চলের কথা উল্লেখ করা হয়েছে সেগুলো হলো—রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সম্ভাব্য প্রতিকূল আবহাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। ঝড়ো হাওয়ার পাশাপাশি বজ্রপাতের আশঙ্কাও থাকায় নৌযান চলাচল ও নদীপথে অবস্থানরতদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে দেশের বিভিন্ন স্থানে কয়েক দিন ধরেই বৃষ্টি অব্যাহত রয়েছে। এর মধ্যে কোথাও কোথাও ভারী বর্ষণ, জলাবদ্ধতা এবং বন্যা পরিস্থিতিরও সৃষ্টি হয়েছে। এমন অবস্থায় আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ সতর্কবার্তা সংশ্লিষ্ট অঞ্চলের বাসিন্দা ও নৌযান পরিচালনাকারীদের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে।
এএন