ব্যাটারিচালিত রিকশা নিয়ে ‘নতুন নির্দেশনা’

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৯:১৯ পিএম

রাজধানী ঢাকাসহ সারাদেশে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের অনিয়ন্ত্রিত বৃদ্ধি, তীব্র যানজট এবং সড়ক দুর্ঘটনা কমাতে নতুন নির্দেশনা দিতে যাচ্ছে সরকার। ঢাকায় আধুনিক মাল্টিমোডাল বা বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ব্যাটারিচালিত এসব যানবাহনের নিয়ন্ত্রণ ও সঠিক ব্যবস্থাপনা নিয়ে সরকার পরীক্ষা-নিরীক্ষা করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২৩তম দিনে সংরক্ষিত নারী সংসদ সদস্য শওকত আরা আক্তারের ৭১ বিধির নোটিশের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

এর আগে শওকত আরা আক্তার দেশের কার্বন নিঃসরণ কমাতে গণপরিবহন ব্যবস্থাকে বৈদ্যুতিক ও পরিবেশবান্ধব জ্বালানিনির্ভর করার প্রস্তাব দেন। তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় পরিবহন খাতে টেকসই পরিবর্তন জরুরি।’

তিনি উল্লেখ করেন, পরিবহন খাত থেকে দেশে বছরে প্রায় ১১ দশমিক ৬ মিলিয়ন টন কার্বন-ডাই অক্সাইড নির্গমন হয়। এর বড় অংশ আসে ডিজেলচালিত বাস ও ট্রাক থেকে। এই পরিস্থিতি মোকাবিলায় তিনি বৈদ্যুতিক যানবাহন, সিএনজি-এলএনজি, সবুজ হাইড্রোজেন ও সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেন।

সম্পূরক প্রশ্নে শওকত আরা আক্তার ঢাকার যানজট ও দুর্ঘটনার পেছনে ব্যাটারিচালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচলকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন। তবে কম খরচে যাতায়াতের সুবিধা এবং চালকদের শারীরিক পরিশ্রম কম হওয়ায় এসব যান সাধারণ মানুষের কাছে বেশ জনপ্রিয় বলেও জানান তিনি। তিনি জানতে চান, পরিবেশবান্ধব এই যানগুলো পুরোপুরি বন্ধ না করে মানোন্নয়ন ও নির্দিষ্ট কর্তৃপক্ষের অধীনে এনে নিয়ন্ত্রণের কোনো উদ্যোগ সরকারের রয়েছে কি না।

জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ঢাকা মহানগরীর অভ্যন্তরীণ এসব যান মূলত সিটি কর্পোরেশন ও ট্রাফিক বিভাগ নিয়ন্ত্রণ করে। এই ক্ষেত্রে যোগাযোগ মন্ত্রণালয়ের সরাসরি হস্তক্ষেপের সুযোগ সীমিত। তবে ঢাকার যানজট নিরসন ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে সরকার কাজ করছে।

তিনি আরও জানান, ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের সুশৃঙ্খল ব্যবস্থাপনা এবং কার্যকর নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা ও পরীক্ষা-নিরীক্ষা চলছে। খুব শিগগিরই ঢাকা মহানগরীসহ সারাদেশে এসব যান পরিচালনার জন্য সুনির্দিষ্ট নীতিমালা ও নির্দেশনা দেওয়া হবে।

জেএইচআর