রোহিঙ্গা ক্যাম্পে কৃষি ও মানবিক কার্যক্রম পরিদর্শনে ব্রিটিশ প্রতিনিধি দল

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৯:২৬ পিএম

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের মানবিক সহায়তা দলের প্রধান এলি মুডির নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে কৃষি, জীবিকা, মানবিক সহায়তা ও অবকাঠামো উন্নয়নসংক্রান্ত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছে।

বুধবার (১৫ জুলাই) দিনব্যাপী এ পরিদর্শনে প্রতিনিধি দল প্রথমে ক্যাম্প-১৫-এ বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) অর্থায়নে পরিচালিত ‘ফ্রেশ ফুড ভ্যালি’ কৃষি প্রকল্প ঘুরে দেখে। এ সময় তারা আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, সবজি উৎপাদন, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা কার্যক্রম এবং প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রকল্প সংশ্লিষ্টরা প্রতিনিধি দলের কাছে আধুনিক কৃষি প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে নিরাপদ সবজি উৎপাদনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং এর ইতিবাচক প্রভাব সম্পর্কে অবহিত করেন।

পরে প্রতিনিধি দল ক্যাম্প-২০ (বর্ধিত) এলাকায় বিশ্ব খাদ্য কর্মসূচির কমিউনিটি জলজ চাষ প্রকল্প, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) অর্থায়নে কারিতাস বাংলাদেশ পরিচালিত বর্জ্য পানি পরিশোধন কেন্দ্র এবং আইএসডিই বাংলাদেশের বাস্তবায়নে কিং সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্রের অর্থায়নে এক হাজার রোহিঙ্গা পরিবারের মধ্যে খাদ্যসহায়তা বিতরণ কার্যক্রম পরিদর্শন করে।

পরিদর্শন শেষে প্রতিনিধি দল প্রকল্পগুলোর অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে। একই সঙ্গে রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই জীবিকায়নের জন্য এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে।

দিনব্যাপী পরিদর্শন শেষে প্রতিনিধি দল কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়।

এম জি