ভিসা ছাড়াই যে ৩৫ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০৩:৫৪ পিএম

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের বৈশ্বিক সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২০২৬ সালের মধ্যবর্তী প্রকাশিত সর্বশেষ সূচকে বাংলাদেশের অবস্থান হয়েছে ৯৭তম। একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়াও। নতুন এই র‌্যাংকিং অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা ৩৫টি দেশে ভিসামুক্ত, আগমনের পর ভিসা কিংবা নির্দিষ্ট ক্ষেত্রে ই-ভিসা সুবিধায় ভ্রমণ করতে পারবেন।

মঙ্গলবার (২১ জুলাই) যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স তাদের ২০২৬ সালের মধ্যবর্তী পাসপোর্ট সূচক প্রকাশ করে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, একটি দেশের নাগরিকরা আগাম ভিসা ছাড়াই বা সহজ ভিসা সুবিধায় কতটি দেশে প্রবেশ করতে পারেন, তার ভিত্তিতেই এই সূচক তৈরি করা হয়। এবারের সূচকে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি ভ্রমণ গন্তব্য বিবেচনায় নেওয়া হয়েছে।

সর্বশেষ তালিকা অনুযায়ী, বাংলাদেশ ও উত্তর কোরিয়ার নাগরিকরা ৩৫টি দেশে ভিসামুক্ত, আগমনের পর ভিসা অথবা ই-ভিসা সুবিধায় ভ্রমণ করতে পারেন। তবে গত বছর বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য এমন গন্তব্যের সংখ্যা ছিল ৩৭টি। সে সময় শক্তিশালী পাসপোর্টের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম। অর্থাৎ ভিসা সুবিধাপ্রাপ্ত দেশের সংখ্যা কমলেও বৈশ্বিক অবস্থানে তিন ধাপ উন্নতি হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম, ২০২০ সালে ৯৮তম, ২০২১ সালে ১০৮তম, ২০২২ সালে ১০৩তম এবং ২০২৩ সালে ১০১তম। অন্যদিকে, ২০২৫ সালের সূচকে উত্তর কোরিয়ার অবস্থান ছিল ৯৯তম।

বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে যেসব দেশে ভিসামুক্ত, আগমনের পর ভিসা অথবা ই-ভিসা সুবিধায় ভ্রমণ করতে পারেন, সেগুলোর মধ্যে রয়েছে—ভুটান, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, বুরুন্ডি, কম্বোডিয়া, কোমোরোস, কুক আইল্যান্ডস, জিবুতি, ডোমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া, মন্টসেরাট, নেপাল, নিউয়ে, বারবাডোস, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিন্স, বাহামাস, গাম্বিয়া, পূর্ব তিমুর, ত্রিনিদাদ ও টোবাগো, টুভালু এবং ভানুয়াতু।

এবারের সূচকে আগের মতোই শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা ১৯২টি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।

দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। এসব দেশের নাগরিকরা ১৮৮টি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ পান।

তৃতীয় অবস্থানে রয়েছে সুইডেন। দেশটির নাগরিকরা ১৮৭টি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।

চতুর্থ অবস্থানে রয়েছে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে ও স্পেন। এসব দেশের নাগরিকরা ১৮৬টি দেশে ভিসামুক্ত প্রবেশের সুযোগ পান।

পঞ্চম অবস্থানে রয়েছে অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা, পর্তুগাল ও সুইজারল্যান্ড। তাদের নাগরিকরা ১৮৫টি দেশে ভ্রমণ করতে পারেন।

ষষ্ঠ অবস্থানে রয়েছে হাঙ্গেরি, পোল্যান্ড ও যুক্তরাজ্য। এ তিন দেশের নাগরিকরা ১৮৪টি দেশে আগাম ভিসা ছাড়াই যেতে পারেন।

সপ্তম অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, লাটভিয়া, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, স্লোভাকিয়া ও স্লোভেনিয়া। এসব দেশের নাগরিকরা ১৮৩টি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ পান।

অষ্টম অবস্থানে রয়েছে ক্রোয়েশিয়া ও এস্তোনিয়া। তাদের নাগরিকরা ১৮২টি দেশে ভ্রমণ করতে পারেন। নবম অবস্থানে রয়েছে লিচেনস্টেইন ও লিথুনিয়া, যাদের ভিসামুক্ত গন্তব্য ১৮১টি। আর দশম অবস্থানে রয়েছে আইসল্যান্ড ও যুক্তরাষ্ট্র। এ দুই দেশের নাগরিকরা ১৮০টি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।

এম জি