সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৭:৩৭ এএম

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৪ জুলাই) তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। এর মধ্য দিয়ে তিনি শুধু দায়িত্বের ইতি টানেননি, বাংলাদেশের রাষ্ট্রপতি পদ সম্পর্কিত ইতিহাসেও নতুন একটি অধ্যায়ের অংশ হয়ে গেলেন।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে একই মেয়াদে তিনজন সরকারপ্রধানের সঙ্গে কাজ করার বিরল রেকর্ড গড়েছেন মো. সাহাবুদ্দিন। দায়িত্ব নেওয়ার পর তিনি প্রথমে শেখ হাসিনার সরকারের সঙ্গে, পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সময় এবং সর্বশেষ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের আমলেও রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

তার পদত্যাগের পর আবারও সামনে এসেছে একটি প্রশ্ন- বাংলাদেশের কতজন রাষ্ট্রপতি নির্ধারিত মেয়াদ পূর্ণ করতে পারেননি?

ইতিহাস বলছে, স্বাধীনতার পর থেকে পূর্ণাঙ্গ, ভারপ্রাপ্ত ও দায়িত্বপ্রাপ্ত মিলিয়ে ১৮ জন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে ১২ জন বিভিন্ন কারণে নির্ধারিত মেয়াদ শেষ করার আগেই দায়িত্ব ছাড়তে বাধ্য হয়েছেন।

বাংলাদেশের রাষ্ট্রপতি পদটি শুরু থেকেই রাজনৈতিক অস্থিরতা, সামরিক অভ্যুত্থান, হত্যাকাণ্ড, গণআন্দোলন এবং সাংবিধানিক পরিবর্তনের নানা ঘটনার মধ্য দিয়ে গেছে। ফলে অনেক রাষ্ট্রপতির মেয়াদ স্বাভাবিকভাবে শেষ হয়নি।

মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি ঘোষিত হলেও পাকিস্তানে বন্দি থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন সৈয়দ নজরুল ইসলাম। স্বাধীনতার পর রাষ্ট্রপতি হওয়া বিচারপতি আবু সাঈদ চৌধুরী ১৯৭৩ সালে পদত্যাগ করেন। এরপর দায়িত্ব নেওয়া মুহাম্মদউল্লাহর মেয়াদও সাংবিধানিক পরিবর্তনের কারণে শেষ হয়ে যায়।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর রাষ্ট্রপতি হন খন্দকার মোশতাক আহমেদ। তবে মাত্র ৮১ দিনের মাথায় তিনি ক্ষমতা হারান। তার পর দায়িত্ব পাওয়া বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম ১৯৭৭ সালে পদত্যাগ করেন। পরে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮১ সালে চট্টগ্রামে সামরিক অভ্যুত্থানে নিহত হন।

জিয়াউর রহমানের মৃত্যুর পর রাষ্ট্রপতি নির্বাচিত আবদুস সাত্তার ১৯৮২ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন। এর পর বিচারপতি আহসানউদ্দিন চৌধুরীও পূর্ণ মেয়াদ শেষ করতে পারেননি। পরে রাষ্ট্রপতি হওয়া হুসেইন মুহাম্মদ এরশাদ ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করতে বাধ্য হন।

সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের পর বেশিরভাগ রাষ্ট্রপতি মেয়াদ পূর্ণ করলেও ব্যতিক্রম রয়েছেন কয়েকজন। ২০০১ সালে দায়িত্ব নেওয়া এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী সাত মাসের মাথায় পদত্যাগ করেন। ২০০৯ সালে রাষ্ট্রপতি হওয়া জিল্লুর রহমান দায়িত্ব পালনরত অবস্থায় ২০১৩ সালে মারা যান। অন্যদিকে ইয়াজউদ্দিন আহমেদের সাংবিধানিক মেয়াদ শেষ হলেও নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন অব্যাহত রাখেন।

২০২৩ সালে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়া মো. সাহাবুদ্দিনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৮ সালে। তবে অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করায় তিনিও পূর্ণ মেয়াদ শেষ করতে না পারা রাষ্ট্রপতিদের তালিকায় যুক্ত হলেন।

এএন