বাংলাদেশের অপরাধ তদন্তে নতুন দিগন্ত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৯:৪২ পিএম
  • সিআইডির শতবর্ষের সমৃদ্ধ ইতিহাস, আধুনিকায়ন ও সেবাসমূহ

বাংলাদেশ সরকারের অন্যতম প্রাচীন, বিশেষায়িত ও নির্ভরযোগ্য অপরাধ তদন্ত সংস্থা হলো পুলিশ বিভাগের ‘ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট’ বা সিআইডি। তথ্যপ্রযুক্তির সুফল এবং বৈজ্ঞানিক পদ্ধতির আধুনিকতম ছোঁয়ায় সিআইডি আজ কেবল একটি চিরাচরিত তদন্ত সংস্থাই নয়, বরং অপরাধ শনাক্তকরণ এবং সুবিচার নিশ্চিতকরণে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

শতবর্ষের ঐতিহ্য ও সাফল্যের অভিজ্ঞতাকে পাথেয় করে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে সাইবার অপরাধ, মানবপাচার, অর্থপাচার এবং আন্তর্জাতিক অপরাধ দমনে সিআইডি এখন এক আধুনিক ও প্রযুক্তিনির্ভর আলোকবর্তিকা।

সিআইডির ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ ও প্রাচীন। ব্রিটিশ শাসন আমলে ১৯০২-১৯০৩ সালে লর্ড কার্জনের নেতৃত্বে গঠিত ‘পুলিশ কমিশন’-এর সুপারিশের ভিত্তিতে ভারতীয় উপমহাদেশে আধুনিক পুলিশি কাঠামোর গোড়াপত্তন ঘটে। উক্ত কমিশনের মূল সুপারিশগুলোর একটি ছিল প্রতিটি প্রদেশে একজন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি)-এর প্রশাসনিক নেতৃত্বে একটি বিশেষায়িত অপরাধ তদন্ত বিভাগ গঠন করা।

কমিশনের এই সুদূরপ্রসারী সুপারিশের ভিত্তিতে ১৯০৫ সালের ২১ মার্চ তৎকালীন ব্রিটিশ-ভারত সরকার প্রতিটি প্রদেশে সিআইডি চালুর আদেশ জারি করে। পরে ১৯০৬ সালের ১ এপ্রিল কলকাতার সদর দপ্তরকে কেন্দ্র করে তৎকালীন বাংলায় সিআইডি আনুষ্ঠানিকভাবে তার যাত্রা শুরু করে।

দেশভাগের পর ১৯৪৭ সালে তদানীন্তন পূর্ব পাকিস্তানে ঢাকাকে সদর দপ্তর করে সিআইডির নতুন অধ্যায় সূচিত হয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের পর ‘সিআইডি বাংলাদেশ’ হিসেবে সংস্থাটি নতুন উদ্যমে পুনর্গঠিত হয়। সময় ও চাহিদার প্রয়োজনে সংস্থার সক্ষমতা বাড়াতে ১৯৯১ সালে সিআইডি প্রধানের পদটি ডিআইজি থেকে উন্নীত করে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেয়া হয়। অপরাধ তদন্ত ও অপরাধী শনাক্তকরণে সিআইডি নিজেকে দেশের সবচেয়ে কার্যকর, নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে ধরে রাখতে ও নিরবচ্ছিন্ন উন্নয়ন নিশ্চিত করতে বদ্ধপরিকর। 

দ্রুত ও গুণগত তদন্ত নিশ্চিত করার মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা, বৈজ্ঞানিক ও ফরেনসিক আলামত এবং প্রমাণের সর্বোচ্চ ব্যবহার, অপরাধীদের একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ সংরক্ষণ ও সম্প্রসারণ করা, আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে তদন্তকারীদের দক্ষ করে তোলা, সন্ত্রাসবাদ, তথ্যপ্রযুক্তিভিত্তিক অপরাধ এবং সংঘটিত অপরাধ দমন করাই প্রধান অভিলক্ষ। 

সিআইডির তফসিলভুক্ত অপরাধসমূহ সাধারণ আইনের বিধান এবং আদালত কর্তৃক নির্দেশিত মামলার পাশাপাশি দেশের প্রচলিত আইন অনুযায়ী নির্দিষ্ট কিছু গুরুতর ও জটিল অপরাধের তদন্তের এখতিয়ার সিআইডির হাতে ন্যস্ত। 

এসব তফসিলভুক্ত অপরাধগুলো নিচে উল্লেখ করা হলো- ডাকাতি, মহাসড়ক-রেলপথ ডাকাতি। জাল মুদ্রা, স্ট্যাম্প, সরকারি কারেন্সি নোট বা প্রমিজরি নোট তৈরি ও ব্যবহার, বিষ প্রয়োগ বা চেতনা নাশক পদার্থের ব্যবহার। প্রতারণা ও প্রতারণামূলক কর্মকাণ্ড এবং লাভের উদ্দেশ্যে খুন। গুরুতর প্রকৃতির বীমা জালিয়াতি, মাদকের অপব্যবহার সংক্রান্ত অপরাধ ও মুক্তিপণের জন্য অপহরণ।

প্রাচীন প্রত্নসম্পদ পাচার সংক্রান্ত অপরাধ, পেশাদার অপরাধী কর্তৃক দলিলের জালিয়াতি, পেশাদার অপরাধী কর্তৃক ভুয়া নিয়োগের মাধ্যমে প্রতারণা, ব্যাংক সংক্রান্ত গুরুতর জালিয়াতি ও আর্থিক অপরাধ উপরিউক্ত তফসিলভুক্ত অপরাধ ছাড়াও সরকার চাইলে বিশেষ কোনো গুরুত্বপূর্ণ মামলার তদন্তভার সিআইডির ওপর ন্যস্ত করতে পারে। 

সিআইডির বিভিন্ন শাখা ও কার্যপদ্ধতি

অপরাধের মূল উদঘাটন এবং অপরাধীদের আইনগত শাস্তির আওতায় আনতে সিআইডি বেশ কয়েকটি দক্ষ ও বিশেষায়িত শাখার মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।

ক্রাইম সিন ম্যানেজমেন্ট: অপরাধ বিজ্ঞানে ‘ক্রাইম সিন’ বা অপরাধের ঘটনাস্থল হলো ভৌত আলামত সংগ্রহের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান। কারণ, এখান থেকেই ফরেনসিক তদন্তের সূচনা হয়। সিআইডির দক্ষ কর্মকর্তারা অপরাধের স্থান সুরক্ষিত করা, আলামত সংগ্রহ করা এবং বৈজ্ঞানিক উপায়ে তা সংরক্ষণ করার কাজ করেন। অপরাধের প্রকৃত ঘটনাক্রম পুনর্নির্মাণ এবং প্রকৃত অপরাধীকে চিহ্নিত করতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সিআইডির ‘মোবাইল এভিডেন্স কালেকশন ভ্যান’ সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। 

ক্রিমিনাল ইন্টেলিজেন্স ব্যুরো: এই শাখাটি অপরাধীদের সার্বিক ডাটাবেজ বা তথ্যভাণ্ডার সংরক্ষণ করে। তদন্তকারী দল বা বিভিন্ন অপারেশনাল ইউনিটের চাহিদা অনুযায়ী সময়মতো অপরাধ সংক্রান্ত তথ্য ও গোয়েন্দা উপাত্ত সরবরাহ করাই এর কাজ। এ ছাড়া সিআইবি প্রতি সপ্তাহে ‘ক্রিমিনাল ইন্টেলিজেন্স গেজেট’ প্রকাশ করে থাকে। 

ইন্টারপোল ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ এবং সীমানা পেরিয়ে সংঘটিত অপরাধ দমনে সিআইডির একটি ডেডিকেটেড ইন্টারপোল ডেস্ক রয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্সে অবস্থিত ‘ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো’র মাধ্যমে ইন্টারপোলের সাথে সিআইডি সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে। মাদক পাচার, মানবপাচার, সাইবার ও আর্থিক অপরাধ, জননিরাপত্তা এবং সন্ত্রাসবাদের মতো অপরাধে আন্তর্জাতিক সংস্থাসমূহের সাথে এই তথ্য আদান-প্রদান নিশ্চিত করা হয়। 

মানবপাচার প্রতিরোধ ইউনিট: বাংলাদেশ থেকে মানবপাচার রোধে এবং এ সংক্রান্ত মামলার সুনির্দিষ্ট তদন্ত নির্দেশিকা প্রদানে সিআইডির ‘ট্র্যাফিকিং ইন হিউম্যান বিয়িং’ ইউনিট কাজ করছে। মামলাগুলোর সময়মতো তদন্ত নিশ্চিত করা এবং আদালতে শক্ত তথ্য-প্রমাণ উপস্থাপনে সহায়তা করাই এই ইউনিটের কাজ। আন্তর্জাতিক মানবপাচার রোধে আন্তর্জাতিক যেকোনো যোগাযোগের অন্যতম ফোকাল পয়েন্ট হিসেবেও এই ইউনিট কাজ করে। 

ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিট: দেশের ভেতরে সংঘটিত বড় ধরণের আর্থিক অপরাধ, মানি লন্ডারিং বা অর্থপাচার সংক্রান্ত মামলার তদন্ত ও মনিটরিং নিশ্চিত করে এই ইউনিট। বাংলাদেশ ব্যাংক, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সাথে পারস্পরিক সমন্বয় রেখে তারা কাজ করে থাকে। 

কাউন্টার টেররিজম ইউনিট: সন্ত্রাসবাদ সংক্রান্ত জটিল মামলার তদন্ত করা, মামলার অগ্রগতি মনিটরিং করা এবং তদন্তকারী কর্মকর্তাকে সহায়তা করতে প্রয়োজনীয় ডেটা বা তথ্য সংরক্ষণের কাজটি সুচারুভাবে সম্পাদন করে এই শাখা। 

ক্রিমিনাল ইন্টেলিজেন্স অ্যানালাইসিস ইউনিট: অপরাধ দমনে গোয়েন্দা তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও দ্রুত ছড়িয়ে দেয়ার লক্ষ্য নিয়ে ২০০৮ সালের ১ মার্চ ইন্টারপোলের তৎকালীন মহাসচিব রোনাল্ড কে. নোবেল সিআইডির ‘ক্রিমিনাল ইন্টেলিজেন্স অ্যানালাইসিস ইউনিট’ উদ্বোধন করেন। এটি আধুনিক তদন্ত ব্যবস্থার এক যুগান্তকারী সংযোজন। 

প্রশাসন ও অর্থ বিভাগ: সিআইডির প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা, অভ্যন্তরীণ কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি, লজিস্টিকস সাপোর্ট, পরিবহন ব্যবস্থাপনা এবং প্রসংগক্রমে পুলিশ কর্মকর্তাদের মানবাধিকার, শিশু বিচার ব্যবস্থা ও নারী-শিশু পাচার প্রতিরোধ বিষয়ক বিভিন্ন আধুনিক প্রশিক্ষণ পরিচালনার দায়িত্ব এ বিভাগের।অপরাধের মাত্রা ও রূপ প্রতিদিন পরিবর্তন হচ্ছে। এনালগ থেকে অপরাধীরা এখন প্রবেশ করেছে ডিজিটাল যুগে। 

অপরাধের এই নিত্যনতুন প্রযুক্তিনির্ভর চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সিআইডি ইউনিট নিজেদের প্রতিনিয়ত প্রস্তুত করছে। শতবছরের ঐতিহ্য, দক্ষ জনবল, অত্যাধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পরীক্ষাগারের সমন্বয়ে সিআইডি আজ কেবল অপরাধ দমনেই নয়, বরং প্রতিটি নাগরিকের জন্য সুশাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে এক অবিচল আস্থা ও নির্ভরতার প্রতীক।

এএন