বিশ্বের মানবিক পরিস্থিতি আজ এক চরম পরীক্ষার মুখোমুখি। সংঘাত, রাজনৈতিক অস্থিরতা এবং প্রাকৃতিক দুর্যোগ মানুষকে তাদের ঘর-বাড়ি ছেড়ে অজানা পথে পাড়ি দিতে বাধ্য করছে। এই সংকট সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে দক্ষিণ এশিয়ার বাংলাদেশ ও মিয়ানমার এবং আফ্রিকার হর্ন অঞ্চলে।
বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা শিবিরের দৃশ্য চোখে পড়ে এক মানবিক বিপর্যয়ের চিত্র। ২০১৭ সালের আগস্টে রাখাইন রাজ্যে সহিংসতার পর এ অঞ্চলে আশ্রয় নেয় প্রায় সাত লাখ মানুষ। আজও কুতুপালং, বালুখালি ও অন্যান্য শিবিরে অবস্থান করছে প্রায় ১.২৮ মিলিয়ন রোহিঙ্গা, যার বেশির ভাগই নারী ও শিশু। সীমিত জায়গা, অপর্যাপ্ত স্বাস্থ্যসেবা, খাবারের ঘাটতি এবং অপর্যাপ্ত নিরাপত্তা সব মিলিয়ে শিবিরগুলোর জীবন দৈনন্দিন সংকটের সাথে লড়াই করছে। আন্তর্জাতিক সংস্থাগুলো মানবিক সহায়তা প্রদান করলেও এটি কেবল অস্থায়ী সুরক্ষা, স্থায়ী সমাধান নয়। এই পরিস্থিতি বাংলাদেশকে এক ধরনের মানবিক দায়িত্বের সামনে দাঁড় করিয়েছে, যেখানে স্থানীয় প্রশাসন, আন্তর্জাতিক সংস্থা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বয় অপরিহার্য।
অন্যদিকে, মায়ানমার নিজেই একটি জটিল কূটনৈতিক ও মানবাধিকার সমস্যা হিসেবে রয়ে গেছে। সামরিক অভ্যুত্থান ও সংঘাতের ফলে কোটি কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। দেশটির অভ্যন্তরীণ সহিংসতা আন্তর্জাতিক মানবিক উদ্যোগকে প্রভাবিত করেছে, কারণ সামরিক সরকার অনেকসময় সহায়তা প্রবাহকে বাধাগ্রস্ত করছে। যেখানে বাংলাদেশ শরণার্থীদের আপাতভাবে গ্রহণ করেছে, সেখানে মিয়ানমারের অভ্যন্তরীণ বাস্তুচ্যুতদের জন্য কোনো নিরাপদ আশ্রয় নেই। ফলে এই দুই দেশের পরিস্থিতি ঘনিষ্ঠভাবে সংযুক্ত হলেও প্রতিক্রিয়ার ধরণ সম্পূর্ণ ভিন্ন।
অফ্রিকার হর্ন অঞ্চলে সঙ্কট আরও বিস্তৃত ও জটিল। ইথিওপিয়া, সোমালিয়া ও সুদানে রাজনৈতিক অস্থিরতা, সশস্ত্র সংঘাত এবং প্রাকৃতিক দুর্যোগ মিলিত হয়ে লাখ লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে।
আর এই অঞ্চলে শরণার্থীদের জীবনকালীন নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করা অত্যন্ত কঠিন, কারণ সীমিত সম্পদ, দুর্যোগ-প্রবণ পরিবেশ এবং প্রশাসনিক অস্থিরতা কার্যকর হস্তক্ষেপকে সীমিত করে। তুলনা করলে দেখা যায়, বাংলাদেশে শরণার্থীরা অন্তত সীমিত মানবিক সহায়তা পাচ্ছে, কিন্তু আফ্রিকার হর্ন অঞ্চলে সুরক্ষা ও খাদ্য নিরাপত্তার অভাব মারাত্মক।
এই তিনটি অঞ্চল শরণার্থী সংকটের প্রেক্ষাপট ও প্রতিক্রিয়ার দিক থেকে একে অপরের থেকে আলাদা হলেও কিছু মৌলিক দিক মিলেছে। প্রথমত, প্রতিটি ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত পদক্ষেপ অপরিহার্য। খাদ্য, চিকিৎসা ও আশ্রয়ের তাত্ত্বিক ব্যবস্থা থাকলেও রাজনৈতিক ও সামাজিক সমাধান না থাকলে সংকট টেকসই সমাধান পায় না। দ্বিতীয়ত, স্থানীয় প্রশাসন ও মানবিক সংস্থার কার্যকর ভূমিকা অনিশ্চিত হলে সংকট দীর্ঘায়িত হয়।
বাংলাদেশের উদাহরণ দেখাচ্ছে, স্থানীয় প্রশাসন ও আন্তর্জাতিক সংস্থার সমন্বয় থাকলে অন্তত অস্থায়ী নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। তৃতীয়ত, দীর্ঘমেয়াদে শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা না হলে শরণার্থীদের পরিস্থিতি পুনরাবৃত্তি করবে।
বিশ্লেষণ থেকে দেখা যায়, যদিও শরণার্থী সংকট প্রতিটি অঞ্চলে ভিন্ন রূপ ধারণ করেছে, মূল চ্যালেঞ্জ একই। মানবিক সহায়তা, নিরাপত্তা এবং রাজনৈতিক সমাধানের অভাব। বাংলাদেশের পরিস্থিতি তুলনামূলকভাবে কিছুটা নিয়ন্ত্রিত, যেখানে আফ্রিকার হর্ন অঞ্চলে সংকট আরও বিস্তৃত এবং অনির্দিষ্ট। মিয়ানমারে রাজনৈতিক বাধা ও অভ্যন্তরীণ সহিংসতা দীর্ঘমেয়াদে সমাধানকে জটিল করে তুলেছে। এই তুলনামূলক বিশ্লেষণ প্রমাণ করছে, শরণার্থী সংকট মোকাবেলায় কেবল মানবিক সহায়তা নয়, রাজনৈতিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক সমন্বয় এবং স্থানীয় প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।
শেষ পর্যন্ত, এই সংকট মানবতার পরীক্ষা। শুধুমাত্র খাদ্য, ওষুধ বা আশ্রয় দিয়ে আমরা সমস্যার সমাধান করতে পারব না; শরণার্থীদের মৌলিক অধিকার, নিরাপত্তা এবং স্থায়ী সমাধান নিশ্চিত করতেই আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব প্রাধান্য পাবে।
এইচই/জেএইচআর