বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তুলেছে, তাকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি একে ‘হাইপার প্রোপাগান্ডা’ বা অপপ্রচার বলে অভিহিত করেন।
শনিবার প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে রাজধানীর বনানীতে তাঁর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন রিজভী।
আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী আরাফাত রহমান কোকোর স্মৃতি চারণ করে রিজভী বলেন, ওয়ান ইলেভেন ও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শারীরিক ও মানসিক নির্যাতনের কারণেই অকালে প্রাণ হারিয়েছেন আরাফাত রহমান। তিনি এ দেশের ক্রীড়াঙ্গনে যে অবদান রেখেছিলেন, তা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
নির্বাচনী প্রচারণা ও প্রতিপক্ষের অভিযোগ তারেক রহমানের নির্বাচনী কার্যক্রম প্রসঙ্গে রিজভী বলেন, নির্বাচন কমিশনের অনুরোধের প্রতি সম্মান প্রদর্শন করে উত্তরবঙ্গ সফর স্থগিত করেছিলেন তারেক রহমান। পরবর্তী সময়ে কমিশনের নির্ধারিত নিয়ম মেনেই তিনি প্রচারণা চালাচ্ছেন। রিজভী দাবি করেন, তারেক রহমানের নেতৃত্বগুণ ও জনসমর্থনে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর জন্য এ ধরনের বানোয়াট অভিযোগ তুলছে।
তিনি আরও বলেন, ধানের শীষের পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে, তা নস্যাৎ করতেই এই অপকৌশল অবলম্বন করা হচ্ছে। কবর জিয়ারত শেষে নেতাকর্মীরা মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
জেএইচআর