তারেক রহমান

জনগণের ভাগ্য পরিবর্তনই বিএনপির লক্ষ্য

মিজানুর রহমান, ফেনী প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৭:৪১ পিএম

রাজনৈতিক প্রতিপক্ষ নিয়ে আলোচনা করে জনগণের কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

তিনি বলেন, পরিকল্পিতভাবে খাল খনন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং তরুণদের কর্মসংস্থান তৈরি করতে পারলেই কেবল সাধারণ মানুষের কল্যাণ হবে। 

রোববার ফেনীতে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান দেশের মানুষের জন্য তার পরিকল্পনা তুলে ধরে বলেন, দেশের নারী সমাজ ও খেটে খাওয়া মানুষের জন্য ‘ফ্যামিলি কার্ড’ প্রবর্তন করা হবে। এই কার্ডের মাধ্যমে একজন গৃহিণী প্রতি মাসে সরকারি সহায়তা পাবেন। একইভাবে কৃষকদের সার, বীজ ও কীটনাশক সরাসরি পৌঁছে দিতে ‘কৃষক কার্ড’ চালু করা হবে।

ফেনীবাসীর স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তিনি বলেন, বড় বড় মেডিকেল কলেজ করার পাশাপাশি দেশের প্রতিটি ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ‘হেলথকেয়ার’ ব্যবস্থা গড়ে তোলা হবে। এর ফলে সাধারণ অসুখ-বিসুখে মানুষকে কষ্ট করে হাসপাতালে আসতে হবে না।

সারা দেশে খাল খনন কর্মসূচির কথা উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান বলেন, এক বছর আগে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সারা দেশে খাল খনন করা হলে এ অঞ্চলের মানুষ সরাসরি উপকৃত হবে। এ ছাড়া তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে ফেনী অঞ্চলে ইপিজেড স্থাপনের প্রতিশ্রুতি দেন তিনি। 

প্রবাসীদের দক্ষ করে গড়ে তুলতে কারিগরি ও ভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ভালো প্রশিক্ষণ নিয়ে বিদেশে গেলে দেশের জন্য আরও বেশি বৈদেশিক মুদ্রা পাঠানো সম্ভব হবে।

তারেক রহমান আরও বলেন, গত ১৫ বছর দেশের মানুষের কথা বলার ও ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে সেই স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আগামী ১২ তারিখ নির্বাচনে ধানের শীষকে জয়যুক্ত করে এসব পরিকল্পনা বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

জনসভায় তারেক রহমান বৃহত্তর নোয়াখালীর তিন জেলার বিভিন্ন সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। এর আগে তিনি ২০২৪ সালের ৪ আগস্ট ফেনীতে গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সাথে সাক্ষাৎ করেন।

ইএইচ