ইনসাফের বাংলাদেশ গড়তে আমরা ঐক্যবদ্ধ: ডা. শফিকুর রহমান

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৩:০৪ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ১১ দলীয় জোটের প্রধান ডা. শফিকুর রহমান বলেছেন, আধিপত্যবাদ, মামলা বাণিজ্য ও চাঁদাবাজির বিরুদ্ধে ভোট তুলে আনতে হবে। স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ১১ দলের প্রার্থীদের বিজয়ী করতে হবে। ১২ তারিখের প্রথম ভোট হবে হ্যাঁ। হ্যাঁ মানে আজাদী, না মানে গোলামি।

তিনি বলেন, ১১ দলের প্রার্থীরা মিলেমিশে একাকার। আর কোনো মান-অভিমান চলবে না। ইনসাফের বাংলাদেশ গড়তে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। দাঁড়িপাল্লা ও ঈগল প্রতীকের প্রার্থীদের বিজয় করতে কাজ করতে হবে।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, রাজার ঘরে জন্ম হলে রাজা হবে না, মন্ত্রীর ঘরে মন্ত্রী হবে না। এ সংস্কৃতিকে পাল্টে দিতে হবে। আমরা দুর্নীতিকে লাল কার্ড দেখাতে চাই। সবার সমান অধিকার নিশ্চিত করতে চাই। জুলাই যোদ্ধাদের সম্মান করুন। সেই সম্মান করলে মাথা গরমের সুযোগ নেই।

তিনি আরও বলেন, খবরদার মায়েদের সম্মান নিয়ে টান দেবেন না, আল্লাহর আরশ কেঁপে উঠবে। মায়েদের বেইজ্জতি সহ্য করতে পারব না। ওসমান হাদী, রেজাউল করিম ও আবু সাঈদের কী দোষ ছিল? বুকের ভেতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। বীরেরা পালায় না, প্রতিটি মায়ের ঘরে বীর জন্ম দিতে চাই।

জামায়াত আমির বলেন, বেকার ভাতা দিতে চাই না, তাদের মর্যাদা তুলে দিতে চাই। বুকের দিকে আঙুল তুলে বলতে হবে আমিই বাংলাদেশ। মায়েদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। মায়েদের দৃষ্টি পরিবর্তিত বাংলাদেশের দিকে। তাদের দোয়া আমাদের শক্তি। আস্থার প্রতিদান দিতে লড়ে যাব।

তিনি আরও বলেন, কওমি মাদ্রাসা আমাদের কলিজা। কথায় নয় কাজে প্রমাণ করব। যারা ভয় দেখায় তারা মতলববাজ।

অর্থনীতিতে ফেনীর বিশেষ অবদান রয়েছে উল্লেখ করে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, ১৮ কোটি মানুষের দেশে কোনো জেলা মেডিকেল কলেজ বাদ থাকবে না। দেশবাসী সুযোগ পেলে সরকারি মেডিকেল কলেজ হবে। বিশেষায়িত হাসপাতাল হবে। বাঁধের শান্তিপূর্ণ সমাধান করা হবে। মানসম্মত স্টেডিয়াম নেই। প্রবাসীদের রেমিট্যান্স বিপুল আসে। আন্তর্জাতিক মানসম্পন্ন স্টেডিয়াম হবে। ন্যায্যতার ভিত্তিতে সব সমস্যার সমাধান করা হবে।

জেলা আমির মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবু তাহের মোহাম্মদ মাছুম, জাগপা সভাপতি রাশেদ প্রধান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি কবির আহমদ, ডাকসু ভিপি সাদিক কায়েম ও শ্রমিক কল্যাণের কেন্দ্রীয় সেক্রেটারি আতিকুর রহমান।

জেলা সেক্রেটারি মুহাম্মদ আবদুর রহীমের পরিচালনায় ফেনী-১ আসনের প্রার্থী এসএম কামাল উদ্দিন, ফেনী-২ আসনের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু ও ফেনী-৩ আসনের প্রার্থী ডা. মোহাম্মদ ফখরুদ্দীন মানিক ছাড়াও বক্তব্য রাখেন সাবেক জেলা আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঞা ও একেএম শামসুদ্দিন, নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ ও মাওলানা মাহমুদুল হক, খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মোহাম্মদ আলী মিল্লাত, এনসিপির সংগঠক আজিজুর রহমান রিজভী, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরি পরিষদ সদস্য মাজহারুল ইসলাম, শহর সভাপতি ওমর ফারুক ও জেলা সভাপতি আবু হানিফ হেলাল প্রমুখ।

ইএইচ