জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ-হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কিছু ইতিবাচক উদ্যোগ থাকলেও সামগ্রিকভাবে এটি উচ্চাভিলাষী এবং বাস্তবতা বিবর্জিত বলে মনে হচ্ছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, দল হিসেবে তারা বাজেটের ইতিবাচক ও নেতিবাচক উভয় দিকই বিশ্লেষণ করছেন। তার মতে, অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যে দেশের অর্থনৈতিক পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধিকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন। একইভাবে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানোর বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
তিনি বলেন, সরকার যেহেতু দীর্ঘদিন ধরে কার্ডভিত্তিক বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে, তাই সামাজিক নিরাপত্তা খাতে বাড়তি বরাদ্দ সাধারণ মানুষের জন্য উপকার বয়ে আনতে পারে।
নিত্যপ্রয়োজনীয় কয়েকটি পণ্যে কর কমানোর সিদ্ধান্তের কথাও উল্লেখ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, এ সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়িত হলে বাজারে দ্রব্যমূল্যের ওপর ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে বাস্তবে এর সুফল কতটা পাওয়া যাবে, তা সময়ই বলে দেবে।
বাজেটের সমালোচনা করে বিরোধী দলীয় চিফ-হুইপ বলেন, সরকারের ব্যয় পরিকল্পনা ও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার মধ্যে বাস্তবতার ঘাটতি রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, বাজেটে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা করা হয়েছে, বিপরীতে রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা।
তিনি দাবি করেন, বর্তমান প্রশাসনিক সক্ষমতা ও কর কাঠামোর প্রেক্ষাপটে এত বড় অঙ্কের রাজস্ব আদায় সরকারের পক্ষে বাস্তবসম্মত নয়। তাই প্রস্তাবিত বাজেটের রাজস্ব লক্ষ্যমাত্রাকে তিনি বাস্তবতা বিবর্জিত বলে মনে করেন।
এম জি