জাতীয় সংসদে বোরকা ও হিজাব নিয়ে বিএনপিদলীয় সদস্য মনিরুল হক চৌধুরীর দেওয়া মন্তব্যের তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
সোমবার (১৫ জুন) এক বিবৃতিতে সংগঠনের আমির শাহ মুহিববুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব সাজিদুর রহমান এ নিন্দা জানান এবং কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
বিবৃতিতে তারা বলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধির মুখে ইসলামের ফরজ বিধান এবং নারীদের শালীন পোশাক নিয়ে এমন বিদ্রূপাত্মক, কুরুচিপূর্ণ ও অশোভন মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি দায়িত্বজ্ঞানহীনতার পাশাপাশি ধর্মীয় বিদ্বেষের প্রকাশ বলেও মন্তব্য করেন তারা।
হেফাজত নেতারা আরও বলেন, এ ধরনের আচরণ শালীন ও সভ্য রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী। বোরকা ও হিজাব মুসলিম নারীদের ধর্মীয় ও সাংবিধানিক অধিকার। এ বিষয়ে ব্যঙ্গ-বিদ্রূপ কোটি কোটি ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত হেনেছে।
তারা বলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশে ইসলামের চেতনা ও ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে কোনো ধরনের অবমাননা সহ্য করা হবে না।
বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় সংসদ দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান। সেখানে দাঁড়িয়ে এ ধরনের বক্তব্য ইসলামবিদ্বেষী মনোভাবের বহিঃপ্রকাশ হিসেবে বিবেচিত হচ্ছে। সংসদকে কোনোভাবেই বিতর্কিত বা উসকানিমূলক বক্তব্যের জায়গা হিসেবে ব্যবহার করা উচিত নয়।
হেফাজতে ইসলাম নেতারা ওই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে প্রকাশ্যে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান। একই সঙ্গে তারা সতর্ক করে বলেন, দাবি পূরণ না হলে রাজপথে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে সংগঠনটি।
তারা জাতীয় সংসদসহ রাষ্ট্রের সব পর্যায়ে ধর্মীয় মূল্যবোধ ও শালীন রাজনৈতিক সংস্কৃতি বজায় রাখার আহ্বান জানান।
এম জি