জাতীয় সংসদে নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ হিসেবে উল্লেখ করে আলোচনার জন্ম দিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আব্দুল মুনতাকিম। পরে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলে তিনি বক্তব্যে ভুল হওয়ার কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেন।
নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের এই সংসদ সদস্যের নির্বাচনী হলফনামা অনুযায়ী, তার জন্ম ১৯৮১ সালের ১০ জানুয়ারি। সে হিসেবে তিনি মুক্তিযুদ্ধের প্রায় এক দশক পর জন্মগ্রহণ করেন। একইসঙ্গে হলফনামায় তার বাবা আব্দুল কাদের সৈয়দী এবং মা মোসলমান বেগমের নাম উল্লেখ রয়েছে, যারা বর্তমানে জীবিত আছেন।
রোববার (১৪ জুন) সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে আব্দুল মুনতাকিম বলেন, তার পরিবারে ৪৭ জন মুক্তিযোদ্ধা রয়েছেন। বক্তব্যে তিনি উল্লেখ করেন, তার বাবা ও দাদা যুদ্ধে শহীদ এবং পরিবারের একাধিক সদস্য মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। এছাড়া তার মাকেও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে উল্লেখ করেন।
তবে তার জন্মসাল ও পারিবারিক তথ্য সামনে আসার পর বক্তব্যটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়। হলফনামা অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার বয়স ছিল ৪৪ বছর ১১ মাস ২০ দিন।
খোঁজ নিয়ে জানা যায়, আব্দুল মুনতাকিমের বাবা আব্দুল কাদের সৈয়দী ও মা মোসলমান বেগম বর্তমানে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ গ্রামে ছেলের সঙ্গেই বসবাস করছেন।
বিষয়টি নিয়ে আব্দুল মুনতাকিম বলেন, সংসদে বক্তব্য দেওয়ার সময় অসাবধানতাবশত ভুল তথ্য ও শব্দ উচ্চারিত হয়েছে। এ অনিচ্ছাকৃত ভুলের জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।
এদিকে, সৈয়দপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির ও তার সহকর্মী মো. শফিকুল ইসলাম ঘটনাটিকে মুখ ফসকে বলা ভুল বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, এটি ছিল একটি অনিচ্ছাকৃত বক্তব্যগত ভুল।
এম জি