বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু হোরায়রা বলেছেন, অভিনেত্রী মেহের আফরোজ শাওনের একটি ফেসবুক পোস্টে জুলাই যোদ্ধাদের অপমান করা হয়েছে। এ ঘটনার বিচার দাবি করে তিনি প্রশ্ন তোলেন, ‘মেহের আফরোজ শাওন কি শেখ হাসিনার চেয়েও বেশি পাওয়ারফুল?’
শনিবার সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন’-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আবু হোরায়রা বলেন, ‘আমরা মেহের আফরোজ শাওনের একটি ফেসবুক পোস্টে অত্যন্ত মর্মাহত হয়েছি। তিনি কি শেখ হাসিনার চেয়েও বেশি পাওয়ারফুল? এখনো কি তিনি সেই ক্ষমতা বহন করেন? তিনি জুলাই যোদ্ধাদের অপমান করেছেন। তিনি এই দুঃসাহস কোথায় পেলেন? আমরা তার বিচার চাই। খুব দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।’
বক্তব্যে তিনি জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকার কথাও তুলে ধরেন এবং তাদের অবদান যথাযথভাবে মূল্যায়নের আহ্বান জানান।
‘৩৬ জুলাই’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা’ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। জাতীয় সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
এএন