সরকার গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন নিয়ে অহেতুক কালক্ষেপণ করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করা হলে দেশ আবারও সংঘাতের দিকে চলে যেতে পারে বলে সতর্ক করেন তিনি।
আজ সোমবার বিকেলে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন সেন্টারে ১১ দলীয় জোট ফেনী জেলার আয়োজনে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং আমাদের বাস্তবতা শীর্ষক এই সেমিনারের আয়োজন করা হয়।
গোলাম পরওয়ার বলেন, মানুষ তাজা প্রাণ আর রক্ত দিয়ে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে, কিন্তু দিন গড়ানোর সঙ্গে সঙ্গে বর্তমান সরকার সে কথা ভুলে যাচ্ছে। জুলাই সনদ নিয়ে বিএনপি দ্বিচারিতাপূর্ণ আচরণ করছে। তাঁর মতে, বিএনপির মুখে এক আর অন্তরে ভিন্ন রূপ দেখতে পাচ্ছে জনগণ।
তিনি আরও বলেন, সরকার মানুষের গণভোটের গণরায়কে না মেনে নিজেরাই জাতিকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। এখনো সময় আছে পার্লামেন্টে আলোচনা করুন, সংবিধান সংস্কারের বিশেষ কমিটি গঠন করুন। সংবিধান সংস্কার পরিষদের বিশেষ বৈঠক ডাকুন। এটি সংসদে নিষ্পত্তি না করে রাজপথে নিয়ে যেতে চাইলে বিরোধী দলগুলোকে এক করে অথবা গণভোটে ৭০ শতাংশ জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি দেন তিনি।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদের রক্তের সাথে গাদ্দারি করে দিল্লির প্রেসক্রিপশন অনুযায়ী দেশ চালানো কোনোভাবেই বরদাশত করা হবে না।
তিনি আরও বলেন, বাংলাদেশে এখনও লক্ষ-কোটি শহীদ ওসমান হাদিরা পাড়ায়-মহল্লায় লাল-সবুজের পতাকা এবং এ দেশের আজাদী ও স্বাধীনতা পাহারা দিচ্ছে। এই আজাদির পাহারা থেকে এ দেশের কোটি কোটি যুবককে কোনোভাবেই বিচ্যুত করা যাবে না।
জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে ও জামায়াতের জেলা সেক্রেটারি মাওলানা আবদুর রহিমের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ। স্বাগত বক্তব্য রাখেন এবি পার্টির জেলা সদস্য সচিব অধ্যাপক ফজলুল হক।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সহসেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, এবি পার্টির জেলা সভাপতি মাস্টার আহসান উল্লাহ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা নাজমুল আলম।
এছাড়াও এনসিপির জেলা সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক, জেলা বিডিপি সেক্রেটারি মোহাম্মদ ইসমাইল, জেলা জাগপা সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন, ছাত্র শিবিরের জেলা সভাপতি ইমাম হোসেন আরমান ও শহর সভাপতি সফিকুল ইসলাম এতে বক্তব্য রাখেন। সেমিনারে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেএইচআর