হবিগঞ্জে কী হয়েছিল, জানালেন সারজিস আলম

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ১০:০০ পিএম

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই জাগরণ’ কর্মসূচি শেষে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দলের উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে এনসিপি।

মঙ্গলবার বিকেল পৌনে ৬টার দিকে হবিগঞ্জ জেলা শহরের সাইফুর রহমান টাউন হল প্রাঙ্গণে আয়োজিত সমাবেশ শেষে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

এনসিপির অভিযোগ, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালিয়েছে। হামলার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সারজিস আলম ও স্থানীয় এনসিপির নেতাকর্মীরা নিরাপত্তার জন্য শহরের একটি সোনালী ব্যাংক শাখায় আশ্রয় নেন।

দলীয় সূত্র জানায়, হামলার সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী নিরাপদে ঢাকার উদ্দেশে রওনা হন। পরে পুলিশি নিরাপত্তায় সারজিস আলমকে হবিগঞ্জ সার্কিট হাউসে নেওয়া হয়। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, তিনি সেখানেই অবস্থান করছিলেন।

ঘটনার পর হবিগঞ্জ শহরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ টাউন হলে অনুষ্ঠিত এনসিপির সমাবেশে দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দেন। তাদের বক্তব্যে বিএনপি এবং স্থানীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রীদের সমালোচনা করা হয়।

এর আগে একই দিন দুপুরে আজমিরীগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গণে ‘জুলাই জাগরণ’ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছিল।

এএন