বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী বলেছেন, ইন্টারনেটের উচ্চমূল্য দেশের ডিজিটাল রূপান্তর ও সামগ্রিক উন্নয়নের অন্যতম বড় বাধা। ইন্টারনেট সেবা সবার নাগালের মধ্যে না আনতে পারলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। তাই এর দাম জলের মতো সস্তা করে দিতে হবে।
সোমবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘ব্রডব্যান্ড এক্সপো ২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিটিআরসি চেয়ারম্যান বলেন, গত তিন দশকে দেশের টেলিকম খাতের বড় পরিবর্তন হয়েছে। শুরুতে মানুষের প্রধান চাহিদা ছিল শুধু যোগাযোগ স্থাপন বা ভয়েস কানেক্টিভিটি। মোবাইল প্রযুক্তির বিস্তারের মাধ্যমে সেই চাহিদা পূরণ হয়। পরবর্তীতে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ধারণা সামনে আসায় দেশের প্রায় সব মানুষ কোনো না কোনোভাবে যোগাযোগের আওতায় এসেছে। তবে একসময় ইন্টারনেটকে কেবল একটি সংযোগ সেবা হিসেবে দেখা হলেও এখন তা সম্পূর্ণ ভিন্ন মাত্রা পেয়েছে। বর্তমানে ডেটা ‘নতুন জ্বালানি’ হিসেবে কাজ করছে। কারণ, এই ডেটা-নির্ভর প্রযুক্তির ওপর ভিত্তি করেই বিশ্বজুড়ে ডিজিটাল সেবার বিশাল এক ইকোসিস্টেম গড়ে উঠেছে।
তিনি আরও বলেন, শুধু সংযোগ প্রদান যথেষ্ট নয় সেই সংযোগ হতে হবে উচ্চগতির, নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী। ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, ব্যাংকিংসহ সব খাতেই এখন মানসম্মত ইন্টারনেট অপরিহার্য হয়ে উঠেছে। বিশেষ করে সিস্টেম পরিচালনার ক্ষেত্রে ফিক্সড ব্রডব্যান্ডের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে ইন্টারনেটের মূল্য আরও কমিয়ে আনতে হবে। ইন্টারনেটের দাম জলের দামের মতো হতে হবে। যদিও আইএসপিরা দীর্ঘদিন ধরে মূল্য স্থিতিশীল রেখেছে, তবু কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য এটি আরও সাশ্রয়ী করা প্রয়োজন।
তিনি আরও বলেন, টেলিকম খাত একটি ‘এনাবলিং সেক্টর’। যা অন্যান্য সব খাতের উন্নয়নে ভূমিকা রাখে। তাই এই খাতে বিনিয়োগকারীদের দৃষ্টিভঙ্গিও আলাদা হওয়া উচিত। গ্রাহকের কাছ থেকে শুধু লাভ আদায়ের পরিবর্তে এমন সেবা দিতে হবে, যা মানুষের জীবনমান ও আয়ের সুযোগ বাড়ায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ, ডাক ও টেলিযোগাযোগ সচিব আবদুন নাসের খান এবং আইএসপিএবির সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া।
এম জি