প্রধানমন্ত্রীর উপদেষ্টা

২৫০০ টাকায় স্মার্টফোন দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৫:২০ পিএম

দেশে ডিজিটাল বৈষম্য কমাতে স্বল্পমূল্যে স্মার্টফোন সরবরাহের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর টেলিকম ও আইসিটি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

শনিবার রাজধানীর হোটেল হলিডে ইন’এ টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত ‘নতুন টেলিকম পলিসি: উদ্যোক্তাদের প্রত্যাশা’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি জানান, বর্তমানে দেশের প্রায় ৫০ শতাংশ মানুষ এখনো স্মার্টফোন ব্যবহার করেন না, যা ডিজিটাল সেবা বিস্তারের ক্ষেত্রে বড় বাধা তৈরি করছে। এই পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বনিম্ন প্রায় ২ হাজার ৫০০ টাকায় বেসিক ফিচারসহ স্মার্টফোন মানুষের হাতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে।

রেহান আসিফ আরও বলেন, ডিভাইসের দাম কমাতে সরকার কর কাঠামোসহ পুরো ভ্যালু চেইন পর্যালোচনা করছে। লক্ষ্য হলো সাধারণ মানুষের জন্য স্মার্টফোন আরও সহজলভ্য করা, যাতে তারা ডিজিটাল সেবার আওতায় আসতে পারেন।

তিনি উল্লেখ করেন, সাশ্রয়ী স্মার্টফোন সহজলভ্য হলে শিক্ষা, স্বাস্থ্য ও আর্থিক খাতসহ বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়বে এবং ডিজিটাল বিভাজন কমে আসবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রযুক্তিবিদ সুমন আহমেদ সাবির।

টিআরএনবির সভাপতি সমীর কুমার দে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবিন। আলোচনায় আরও অংশ নেন আইএসপিএবি সভাপতি এম এ হাকিম, ফাইবার অ্যাট হোমের চেয়ারম্যান মইনুল হক সিদ্দিকী, এমটবের মহাসচিব লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ জুলফিকারসহ অন্যান্য অতিথিরা।

এম জি