সালাউদ্দিন আম্মার

আ.লীগের নবীর নাম মুজিব, পবিত্র নগরী গোপালগঞ্জ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১৬, ২০২৬, ০২:২৫ পিএম

জনপ্রিয় কনটেন্ট নির্মাতা, চিত্রনাট্যকার ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে যখন শোবিজ অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের আবহ তৈরি হয়েছে, তখন তার অসুস্থতা ও মৃত্যু ঘিরে অনলাইনে কিছু মানুষের বিদ্বেষপূর্ণ প্রতিক্রিয়া নিয়ে সমালোচনা শুরু হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার।

শনিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি কারিনার মৃত্যু নিয়ে সামাজিক মাধ্যমে উল্লাস প্রকাশকারীদের কঠোর ভাষায় সমালোচনা করেন। একই সঙ্গে তিনি আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতি ও মানসিকতারও সমালোচনা করেন।

রাকসু জিএস সালাউদ্দিন আম্মার তার ফেসবুক পোস্টে আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শ ও তাদের মানবতাবোধের চরম সমালোচনা করে লেখেন: ‘আগেও বলেছি, আওয়ামীলীগের স্পেসিফিক কোনো ধর্ম নেই। দলই তাদের ধর্ম, রাজনৈতিক নবী মুজিব, কেবলা ধানমন্ডি-৩২, আর পবিত্র নগরী গোপালগঞ্জ। এর বাইরে তাদের কোনো মানবতা কাজ করে না।’

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম পরিচিত মুখ কারিনা কায়সারের মৃত্যুর পর একশ্রেণীর মানুষের নেতিবাচক প্রতিক্রিয়াকে ইঙ্গিত করে তিনি আরও বলেন: ‘জুলাইয়ের পরিচিত মুখ কারিনা কায়সার আপুর মৃত্যুতে যেভাবে উল্লাস প্রকাশ করা হচ্ছে সেটাই তার প্রমাণ। আর এই আওয়ামীলীগ মাশরাফি-সাকিবদেরই আওয়ামিলীগ।’

গত শুক্রবার ভারতের ভেলোরের খ্রিষ্টান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কারিনা কায়সার। দীর্ঘদিন ধরে লিভার জটিলতায় ভুগছিলেন তিনি। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য চেন্নাই নেওয়া হয়।

পরিবারের সদস্যরা জানান, কারিনা লাইফ সাপোর্টে থাকা অবস্থাতেও সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মানুষ নেতিবাচক ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। কেউ কেউ তার অসুস্থতাকে ‘ঈশ্বরের বিচার’ বলেও মন্তব্য করেন, যা নিয়ে ব্যাপক সমালোচনা দেখা দেয়।

সামাজিক মাধ্যমে সক্রিয় এবং জুলাই আন্দোলনসহ বিভিন্ন ইস্যুতে সরব থাকা কারিনাকে ঘিরে এমন প্রতিক্রিয়াকে অনেকেই রাজনৈতিক বিদ্বেষ ও সামাজিক অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন।

এএন