প্রযুক্তিগত ত্রুটির কারণে হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ডেস্কটপ সংস্করণের কার্যক্রম। রোববার (১৯ জুলাই) দুপুর থেকে ফেসবুকের ওয়েব সংস্করণে প্রবেশ করতে গিয়ে সমস্যায় পড়ছেন বিশ্বের বিভিন্ন অঞ্চলের ব্যবহারকারীরা।
ব্যবহারকারীদের অভিযোগ, তারা ফেসবুক অ্যাকাউন্টে লগ-ইন করতে পারছেন না। অনেকেই জানিয়েছেন, ফেসবুকের ওয়েবসাইট ও অ্যাপ চালু হতে দীর্ঘ সময় লাগছে, পাশাপাশি নিউজ ফিড আপডেটেও সমস্যা দেখা দিচ্ছে।
ওয়েবসাইট ও অনলাইন সেবার কার্যক্রম পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ডাউন ডিটেক্টরের তথ্য অনুযায়ী, রবিবার দুপুর দেড়টার পর থেকে ফেসবুকের বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যার বিষয়ে অভিযোগ জমা হতে শুরু করে। অল্প সময়ের মধ্যেই এসব অভিযোগের সংখ্যা দ্রুত বাড়তে থাকে।
এদিকে সমস্যার বিষয়ে ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) গিয়ে #FacebookDown হ্যাশট্যাগ ব্যবহার করে নিজেদের অভিজ্ঞতা জানাচ্ছেন। অনেকে ফেসবুকে প্রবেশের সময় পাওয়া ত্রুটির বার্তার স্ক্রিনশটও শেয়ার করেছেন।
তবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে এ বিভ্রাটের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এম জি