সিলেটের একটি চা বাগানে ঘুরতে গিয়ে এক নারী পর্যটক স্থানীয় কিছু যুবকের হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার (লাইভ) করলে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে অভিযুক্ত তিনজনকে স্থানীয়রা আটক করেছে বলে জানা গেছে।
ঘটনাটি সিলেটের গোয়াবাড়ী এলাকার আলী বাহার চা বাগানে ঘটে। শনিবার (৩০ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক তরুণী চা বাগানে ঘুরতে গিয়ে কয়েকজন কিশোর ও তরুণের অনুসরণের শিকার হচ্ছেন বলে অভিযোগ করছেন।
ভিডিওতে দেখা যায়, মোবাইল ফোনে ভিডিও ধারণ করার সময় কয়েকজন যুবক তাকে অনুসরণ করছে। তরুণীর অভিযোগ, স্থানীয় কিছু যুবক তাকে উত্ত্যক্ত করছে এবং অশালীন আচরণ করছে। একপর্যায়ে তিনি তাদের উদ্দেশে প্রশ্ন করেন, “তোমরা মেয়ে দেখো নাই?” জবাবে কয়েকজনকে হাসাহাসি করতে দেখা যায়। একজন ক্যামেরার সামনে এসে পোজ দেন, অন্য একজন সিগারেট হাতে তার আশপাশে ঘোরাফেরা করেন।
তরুণীর দাবি, তিনি পরিস্থিতি বোঝানোর চেষ্টা করলেও অভিযুক্তরা সরে যায়নি। বরং তারা তার পিছু নিতে থাকে। এ সময় আশপাশে লোকজন থাকলেও কেউ সহযোগিতার জন্য এগিয়ে আসেননি বলেও অভিযোগ করেন তিনি।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। অনেকেই পর্যটন এলাকায় নারী পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন।
এদিকে ভিডিও ভাইরাল হওয়ার পর শনিবার রাতে অভিযুক্ত তিনজনকে স্থানীয়রা আটক করেছে বলে জানা গেছে। তাদের গোয়াবাড়ী এলাকায় নিয়ে আসা হয়। এ সময় আটক ব্যক্তিদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে দেখা যায়, আটক তিন কিশোর হাতজোড় করে নিজেদের কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাইছে।
তবে এ বিষয়ে বিমানবন্দর থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান বলেন, অভিযুক্তদের শনাক্ত ও আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ। স্থানীয়দের মাধ্যমে কাউকে আটকের বিষয়ে তাদের কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই।
সিলেটের বিভিন্ন পর্যটনকেন্দ্রে প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে ভ্রমণপিপাসুরা আসেন। সাম্প্রতিক এই ঘটনায় পর্যটন এলাকায় নিরাপত্তা ও স্থানীয়দের আচরণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এএন