ওডিআইয়ে সেরা বাবর; টেস্টে বেন স্টোকস

ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৩, ০৫:০৭ পিএম

পরপর দুইবার ওয়ানডেতে আইসিসি’র বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন পাকিস্তানের বাবর আজম। টেস্টে ২০২২ সালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডে অলরাউন্ডার বেন স্টোকস। গত বছর ৯ ম্যাচে ৬৭৯ রান করেন বাবর। তারমধ্যে ছিল তিনটি সেঞ্চুরি। এর আগে ২০২১ সালেও এক দিনের ক্রিকেটে সেরা হয়েছিল বাবর। সেই ছন্দটাই ধরে রেখেছেন পাকিস্তানের অধিনায়ক। মাত্র ৯টি ম্যাচ খেললেও প্রতিটি ইনিংসেই রান করেছেন তিনি।

তিনটি শতরান, পাঁচটি অর্ধশতরান করেছেন। একটি মাত্র ইনিংসে রান পাননি বাবর। সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। লাহোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি ম্যাচ হেরেছিলেন বাবররা। ৫০ ওভারের ক্রিকেটে ২০২২ সালে একটি মাত্র ম্যাচেই হেরেছিল পাকিস্তান। লাহোরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরান করেন বাবর। তিন ম্যাচের এক দিনের সিরিজে প্রথম দু’টি ম্যাচ শেষে ফল ১-১ ছিল। শেষ ম্যাচ জিততেই হত পাকিস্তানকে।

সেই ম্যাচেই ১১৪ রানের দারুণ একটি ইনিংস খেলেন বাবর। দলকেও জেতান। সেটাই ২০২২ সালে তার সেরা ইনিংস বলে বেছে নিয়েছে আইসিসি। টেস্ট ক্রিকেটে ২০২২ সালের সেরা খেলোয়াড় হয়েছেন বেন স্টোকস। ব্যাটে-বলে লাল বলের ক্রিকেটে তার পারফরম্যান্স নজর কেড়েছে ২০২২ সালে। সেই সঙ্গে তার নেতৃত্বও বদলে দিয়েছে ইংল্যান্ড দলকে। লাল বলের ক্রিকেটে ইংল্যান্ড এখন অনেক বেশি আক্রমণাত্মক দল। ইংল্যান্ডের অধিনায়ক হওয়ার পর থেকে ১০টি টেস্টের মধ্যে ৯টিতেই জিতেছেন স্টোকসরা।

ঘরের মাঠে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারতকে হারানোর পর পাকিস্তানকে তাদের দেশে গিয়ে হারিয়ে আসে ইংল্যান্ড। পাকিস্তানকে তাদের মাঠে ৩-০ হারিয়ে দেন স্টোকসরা। তিনি দায়িত্ব নেওয়ার আগে শেষ ১৭টি টেস্টের মধ্যে মাত্র একটিতে জিতেছিল ইংল্যান্ড। ২০২২ সালে টেস্টে দুই সেঞ্চুরি  সহ ৮৭০ রান করেন স্টোকস। তার গড় ৩৬.২৫।

বল হাতে নেন ২৬টি উইকেট। আইসিসি আগেই জানিয়েছিল যে, টি-টোয়েন্টি ক্রিকেটে সেরা ভারতের সূর্যকুমার যাদব। আইসিসি-র ব্যাটারদের তালিকাতেও শীর্ষে রয়েছেন তিনি। ২০২২ সালে ৩১টি টি-টোয়েন্টি ম্যাচে ১১৬৪ রান করেছেন সূর্য। রয়েছে দু’টি শতরান। গড় ৪৬.৫৬।

এবি