সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের একাদশে ফিরলেন মিতুল

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০৬:১১ পিএম

এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে আজ সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। পাঁচ দিন আগে ভিয়েতনামের বিপক্ষে খেলা প্রীতি ম্যাচের একাদশ থেকে এই ম্যাচে দুটি পরিবর্তন এনেছেন বাংলাদেশের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।

সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনটি এসেছে গোলরক্ষক পজিশনে। গত ম্যাচে মেহেদী হাসান শ্রাবণের ওপর ভরসা রাখলেও আজ সিঙ্গাপুরের বিপক্ষে ক্যাবরেরা পুনরায় আস্থা রেখেছেন মিতুল মারমার ওপর। গোলরক্ষক পজিশনে কোচের এই রদবদল বেশ আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে বসুন্ধরা কিংসে নিয়মিত খেলা জিকোকে প্রাথমিক দলেই না রাখায়।

ডিফেন্স লাইনে অবশ্য কোনো পরিবর্তন আসেনি। গত ম্যাচের মতো এই ম্যাচেও রক্ষণ সামলাবেন শাকিল আহাদ তপু, তারিক কাজী ও সাদ উদ্দিন। তবে নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়াকে আজও একাদশের বাইরে রাখা হয়েছে। তাঁর অনুপস্থিতিতে সিনিয়র খেলোয়াড় সোহেল রানার হাতেই থাকছে অধিনায়কের আর্মব্যান্ড।

আক্রমণভাগে সামিত সোম ও জায়ান আহমেদ থাকলেও মিরাজুলের পরিবর্তে আজ শুরুর একাদশে জায়গা পেয়েছেন শেখ মোরসালিন। দলের অন্যতম বড় তারকা ও প্রধান ভরসা হামজা দেওয়ান চৌধুরী গত ম্যাচের মতো এই ম্যাচেও শুরু থেকেই মাঠে থাকছেন।

বাংলাদেশ একাদশ: মিতুল মারমা, শাকিল আহাদ তপু, হামজা চৌধুরী, শেখ মোরসালিন, ফয়সাল আহমেদ ফাহিম, তারিক কাজী, ফাহামিদুল ইসলাম, সোহেল রানা (অধিনায়ক), জায়ান আহমেদ, সাদ উদ্দিন ও সামিত সোম।

জেএইচআর